× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শিবির-ছাত্রদল সংঘর্ষের পর বেরোবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট।

০৪ আগস্ট ২০২৬, ১৫:৫৬ পিএম

ছবি: সংগৃহীত।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের পর ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে নতুন করে সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্রদল ও ছাত্রশিবির মঙ্গলবার দুপুরের পর ক্যাম্পাস ও আশপাশের এলাকায় পৃথকভাবে প্রতিবাদ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করলে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অতিথি, দর্শনার্থী ও বহিরাগতদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করে এবং এ-সংক্রান্ত নোটিশ ক্যাম্পাসে টানিয়ে দেয়।

এ ছাড়া সম্ভাব্য বড় ধরনের সংঘর্ষ এড়াতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষ থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ক্যাম্পাসসংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারির অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের সহিংসতাকে সমর্থন করে না। তিনি শিক্ষার্থীদের ধৈর্য ও সহনশীলতা বজায় রেখে ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার আহ্বান জানান। একই সঙ্গে সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আপাতত ক্যাম্পাস ও আশপাশের এলাকায় বহিরাগতদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বড় ধরনের সংঘাত বা রক্তক্ষয়ী পরিস্থিতি এড়ানোর লক্ষ্যে পুলিশ কমিশনারের কাছে ১৪৪ ধারা জারির আবেদনও করা হয়েছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ১৪৪ ধারা জারির মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.