× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাংলাদেশে তৈরি চাঙ্গান সিএস৭৫ প্রো বাজারে, উন্মোচন নেভো কিউ০৫ ইভি

২৯ নভেম্বর ২০২৬, ১৫:৫৯ পিএম

বাংলাদেশে চাঙ্গান ব্র্যান্ডের আনুষ্ঠানিক পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেড বাজারে এনেছে সাত আসনের এসইউভি গাড়ি চাঙ্গান সিএস৭৫ প্রো। একই অনুষ্ঠানে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি চাঙ্গান নেভো কিউ০৫ ইভিও উন্মোচন করা হয়েছে।

শনিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে গাড়ি দুটি উন্মোচন করা হয়। ডিএইচএস অটোসের দাবি, চাঙ্গান সিএস৭৫ প্রো বাংলাদেশে উৎপাদিত প্রথম চীনা যাত্রীবাহী গাড়ি। র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উৎপাদন কারখানায় গাড়িটি তৈরি করা হয়েছে।

‘বাংলাদেশে গর্বের সঙ্গে তৈরি’ স্লোগানে বাজারে আসা চাঙ্গান সিএস৭৫ প্রোর দাম শুরু হয়েছে ৩৪ লাখ টাকা থেকে। গাড়িটিতে রয়েছে ১.৫ লিটারের টার্বোচার্জড ইঞ্জিন, ১৯ ইঞ্চি টাইটানিয়াম ব্ল্যাক অ্যালয় চাকা, প্যানারমিক সানরুফ এবং সামনের আসনে বায়ু চলাচল ও তাপ নিয়ন্ত্রণের সুবিধা। এ ছাড়া গাড়িটির প্রধান যন্ত্রাংশে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং দুই বছরের বিনা মূল্যে সার্ভিসিং সুবিধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, চাঙ্গান নেভো কিউ০৫ ইভির দাম নির্ধারণ করা হয়েছে ৪৬ লাখ ৯০ হাজার টাকা। সম্পূর্ণ বৈদ্যুতিক এ গাড়িতে রয়েছে ১৬৩ হর্সপাওয়ার বা ১২০ কিলোওয়াটের মোটর। একবার পূর্ণ চার্জে গাড়িটি ৪৬২ কিলোমিটার চলতে পারে বলে জানানো হয়েছে। এতে দ্রুত চার্জ দেওয়ার সুবিধাও রয়েছে। গাড়িটির ব্যাটারি ও মোটরে আট বছরের ওয়ারেন্টি এবং দুই বছরের বিনা মূল্যে সার্ভিসিং সুবিধা দেওয়া হবে।

অনুষ্ঠানে চাঙ্গান অটোমোবিলসের প্রতিনিধি উঁ ঝংচিং বলেন, বাংলাদেশ চাঙ্গানের জন্য গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। স্থানীয় গ্রাহকদের কাছে বিশ্বমানের প্রযুক্তি ও পণ্য পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। ডিএইচএস অটোসের সঙ্গে অংশীদারত্ব এবং র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে স্থানীয় উৎপাদন সক্ষমতা বাংলাদেশের গাড়িশিল্পের প্রতি চাঙ্গানের আস্থা ও দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।

ডিএইচএস অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফহান রউফ চৌধুরী বলেন, চাঙ্গান সিএস৭৫ প্রোর বাজারে আসা তাঁদের অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। বাংলাদেশে শীর্ষস্থানীয় গাড়ি ব্যবসা গড়ে তোলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে বিভিন্ন ব্র্যান্ডের সমন্বয়ে পণ্যের পরিসর বাড়ানো, স্থানীয় উৎপাদন সক্ষমতা জোরদার, বিক্রয় ও বিক্রয়োত্তর সেবার নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির বিভাগীয় পরিচালক শোয়েব আহমেদ বলেন, নতুন প্রজন্মের প্রযুক্তি, বুদ্ধিমান গাড়ি, সংযুক্ত প্রযুক্তিব্যবস্থা এবং আধুনিক পরিবহন সমাধানের মাধ্যমে বাংলাদেশের গাড়িশিল্পের ভবিষ্যৎ এগিয়ে নিতে তাঁরা কাজ করছেন। উদ্ভাবন ও গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে চাঙ্গান ব্র্যান্ডকে আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে তাঁদের।

ডিএইচএস অটোস জানিয়েছে, গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা দিতে ঢাকা ও চট্টগ্রামে তাদের নিজস্ব সেবাকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে গাড়ি রক্ষণাবেক্ষণ, আসল যন্ত্রাংশ সরবরাহ এবং কারিগরি সহায়তা দেওয়া হবে।

চাঙ্গান সিএস৭৫ প্রো ও নেভো কিউ০৫ ইভি পাওয়া যাবে ঢাকার তেজগাঁও শিল্প এলাকার ২৪৬ বীর উত্তম মীর শওকত সরণি, গুলশান-তেজগাঁও সংযোগ সড়কের র‍্যাংগস ব্যাবিলোনিয়া শোরুমে। সেখানে গ্রাহকেরা গাড়ি দুটি সরাসরি দেখার পাশাপাশি বিক্রয়সংক্রান্ত তথ্য ও সহযোগিতা পাবেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.