ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে হাইওয়ে পুলিশের বাধা উপেক্ষা করে মোটরসাইকেল শোডাউন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের তথ্য অনুযায়ী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ তারিখের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের লালন ফিলিং স্টেশন এলাকা থেকে মিছিলটি শুরু হয়। শতাধিক মোটরসাইকেল নিয়ে প্রায় ২০০ নেতাকর্মী চুয়াডাঙ্গার দিকে রওনা দিলে পথিমধ্যে বোড়াই মাঠ এলাকায় হাইওয়ে পুলিশের বাধার মুখে পড়েন।
পুলিশ মিছিলটি থামানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয় এবং উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের দিকে তেড়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও তাদের প্রতিহত করার চেষ্টা করে।
ভিডিও ফুটেজে দেখা যায়, উত্তেজনাকর পরিস্থিতিতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান হস্তক্ষেপ করেন। তিনি ক্ষিপ্ত নেতাকর্মীদের শান্ত করে সেখান থেকে সরিয়ে নেন, ফলে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয় এবং পুলিশ সদস্যরা নিরাপদ থাকেন।
পরে পুলিশের উপস্থিতিতেই নেতাকর্মীরা লাল ও নীল রঙিন ধোঁয়া উড়িয়ে বোড়াই মাঠ এলাকা থেকে সাধুহাটি ইউনিয়ন পরিষদের দিকে অগ্রসর হন। এ সময় অংশগ্রহণকারীদের মাথায় কমলা রঙের ক্যাপ দেখা গেছে।
মিছিলের একপর্যায়ে নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়েন। তখন তাঁদের 'সারা বাংলায় খবর দে, শেখের বেটি আইতাসে', 'আওয়ামী লীগের নিষেধাজ্ঞা মানি না, মানব না' এবং 'অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানব না'সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে জড়িতদের শনাক্তের কাজ চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।