চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দিবাগত রাতে উপজেলার বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত দেড়টার দিকে জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের ৬১/৬-এস পিলার থেকে প্রায় ৬০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে বেনীপুর বৃত্তিপাড়া এলাকায় অভিযান চালায় বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা। এ সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।
আটক বাংলাদেশিরা হলেন নড়াইল সদর উপজেলার দেবীপুর গ্রামের ভরত বিশ্বাসের মেয়ে আরতী সরকার (৪৮), একই গ্রামের কালিপদের ছেলে সুপাল সরকার (৩৫) এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নগরচাপরাইল গ্রামের গৌরপদ বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)।
আটক ভারতীয় নাগরিক হলেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার এয়ারপোর্ট থানার বীরহাটি পোস্ট অফিসের বাকড়া গ্রামের শরিফ মীরের ছেলে রাহুল মীর (২১)।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। পরে সোমবার তাঁদের জীবননগর থানায় সোপর্দ করা হয়।