মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এম নাসের রহমান বলেছেন, আওয়ামীলীগ গোপালগঞ্জে যে তাণ্ডব চালিয়েছে তাতে একটা জিনিস প্রমাণ করেছে যে আমাদের যে ১৫ বছরের আন্দোলনের সময় যত গাড়ি জ্বালাও পোড়াও করেছিল এবং আমাদের উপর দোষ চাপিয়েছিল, সেটা যে তারাই করেছিল আজকে দেশবাসী তা প্রমাণ পাচ্ছে। এই তাণ্ডব সৃষ্টি করে তারা ঢাকা শহরে গেরিলা পদ্ধতিতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিচ্ছে, পটকা ফুটচ্ছে। আওয়ামীলীগ যে একটা সন্ত্রাসী দল এটা কিন্তু আওয়ামীলীগই প্রমাণ করে দিচ্ছে।
আওয়ামীলীগ কোন রাজনৈতিক দল নয়, এটা একটা জঙ্গি গোষ্ঠী। এটা তারা নিজেরাই প্রমাণ করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন,দেশকে তারা সাড়ে ১৫ বছর রামরাজত্ব কায়েম করে লক্ষ লক্ষ টাকা লুট করে এখন তারা লাফালাফি করছে তাদের নেত্রী আসবে। একটা দল দেশের অর্থনীতির চৌদ্দটা বাজিয়ে হাজার হাজার বিএনপিসহ অন্য দলের নেতাকর্মীদের গুম-খুন করে এবং ক্ষমতা ছাড়ার প্রাক্কালে ১৪শ মানুষকে হত্যা আর ২০ থেকে ২৫ হাজার মানুষকে চিরতরে পঙ্গু করে যে নেত্রী থেকে শুরু করে তাদের কর্মী বাহিনী এমন কী বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব সহ সব পালিয়েছে। এমন একটা পতিত দল ক্ষমতা তো দূরে থাক রাজনীতিতেই আর ফিরতে পারবে না, এটা অসম্ভব।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সন্ত্রাস, নৈরাজ্য ও তথাকথিত লকডাউনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসের রহমান এমপি।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নাসের রহমান এর রাজনৈতিক সচিব এম এ মুকিত, আহবায়ক কমিটির সদস্য, বকশী মিছবাহ উর রহমান, হেলু মিয়া, ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাধারণ সম্পাদক কাজল মাহমুদ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।
এর আগে জেলা বিএনপি ঘোষিত ওই কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার বিকাল ৩ টার পর থেকেই গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা আসতে শুরু করেন। এর পর বিকাল সাড়ে ৩ টা বাজতেই শুরু হয় সমাবেশ। সমাবেশ শেষে নাসের রহমান এর নেতৃত্বে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহর প্রদক্ষিণ করে কুসুমবাগে গিয়ে শেষ হয়।
সমাবেশে নাসের রহমান বলেন, যারা ইতিহাস পড়েন, বিশ্ব সম্পর্কে জ্ঞান রাখেন, কয়জন পড়েন আমি জানি না। জার্মানীর নাৎসি পার্টি যে বিশ্বযুদ্ধ লাগিয়ে ছিল। বিশ্বযুদ্ধের পরে কী সেই নাৎসি পার্টি ছিলো? ছিলো না। এই নাৎসি পার্টি মরার আগে একটা দল একটা গোষ্ঠী রেখে গিয়েছিল এটা হলো বাংলাদেশ আওয়ামীলীগ। এবং এর লেজটার মৃত্যু হয়েছে ২০২৪ সালে।
শেখ হাসিনা দণ্ডপ্রাপ্ত কয়েদি, ফাঁসির আসামি । সে দেশে আসার পাসপোর্ট চেয়েছে। সে চায়নি, তাঁকে যারা ওখানে রেখেছে তারা চেয়েছে। তো একটা দণ্ডপ্রাপ্ত আসামি তারতো পাসপোর্টের প্রয়োজন নেই, ট্রাভেল পাস এর দরকার লাগেনা। ভারত নিজেই বন্দি বনিময় চুক্তি করেছে। ওই চুক্তির আওতায় কিন্তু হাসিনা আসবে। যে চুক্তি ভারত নিজেই হাসিনাকে বাধ্য করিয়েছে করতে। সুতরাং হাসিনাকে আসতে পাসপোর্ট, ট্রাভেল পাস লাগবে এগুলো হাস্যকর অবান্তর কথাবার্তা। তো এখন ভারত দিতে চায় না। তো ভারত ভাবছে কেমনে ছাড়ি এতোদিন আমাদেরকে (হাসিনা) সার্ভিস দিয়েছে।
আওয়ামীলীগ নেতা ও সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার হওয়া প্রসঙ্গে নাসের রহমান বলেন, হাসিনা ভারতের ইচ্ছায় দেশের শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়ে দিযেছে। শেখ হাসিনাকে যদি মৃত্যুদণ্ড দিতে তাহলে নুরুল ইসলাম নাহিদকেও মৃত্যুদণ্ড দিতে হবে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়ার জন্য। তো যে দল দেশের অর্থনীতিকে পঙ্গু করেছে, দেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করেছে, দেশের লক্ষ লক্ষ টাকা লুটপাট করোছে। সেই দল এই দেশে আর ফেরত আসার কোন সুযোগই নাই। দেশের অর্থনীতি ভালো হোক তা আওয়ামীলীগ চায় না, তারা চায় গুণ্ডামি করবে। আজকে সাড়ে চারশো গার্মেন্টস ফেক্টরি বন্ধ হয়ে গেছে। সুতরাং দেশ রসাতলে যাক হাসিনার কী আসে যায়। আমার ক্ষমতায় যেতে হবে। তাই আওয়ামীলীগকে এখন আর রাজনৈতিক দল বলা যায় না, আওয়ামীলীগ একটা গুণ্ডা বাহিনী, একটা জঙ্গি বাহিনী। এসময় নাসের রহমান আওয়ামীলীগকে জঙ্গি দল হিসেবে ঘোষণা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানান।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ ও ছাত্রলীগ ঘোষিত সারাদেশে তথাকথিত লকডাউন কর্মসূচি দিলেও মৌলভীবাজার জেলার কোথাও তাদের প্রকাশ্য দেখা মেলোনি। পুরো জেলার জনজীবন ছিল প্রতিদিনের মতো স্বাভাবিক। সড়কে চলেছে যানবাহন। সরকারি অফিসপাড়াও ছিলো সরগরম। কোথাও কোন সহিংসতা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীও ছিলো বেশ সতর্ক।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
