× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংক শাখায় চার পেট্রলবোমা নিক্ষেপ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৬, ১৬:৫৩ পিএম

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার ভোররাতে শহরতলির জাফরপুর বাজারে অবস্থিত ব্যাংকটির পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে। এতে আগুনের সূত্রপাত হলেও দ্রুত নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে মোটরসাইকেলে করে কয়েকজন মুখোশধারী ব্যক্তি এসে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি ভবনের ছাদে, দুটি সিঁড়ির পাশে এবং অপরটি সিসিটিভি ক্যামেরার সামনে পড়ে। পেট্রলবোমার আগুন দেখতে পেয়ে ব্যাংকের নিরাপত্তাপ্রহরী স্থানীয়দের ডাকেন। পরে প্রহরী ও বাজারের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ব্যাংকটির শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, গভীর রাতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় কার্যালয়ে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এতে কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকাসহ জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ অভিযোগ দিলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.