× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ত্রিদেশীয় সীমান্তে আট বাংলাদেশিকে পাসপোর্ট আইনে মামলা: কারাগারে প্রেরণ

আকাশ মারমা মংসিং, বান্দরবান

১৮ নভেম্বর ২০২৬, ২২:০৭ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ-ভারত-মিয়ানমার ত্রিদেশীয় সীমান্তবর্তী এলাকা থেকে আট বাংলাদেশিকে বিশেষ ক্ষমতা আইন ও বাংলাদেশ পাসপোর্ট আদেশের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছে রুমা ব্যাটালিয়নের ৯ বিজিবি। গত মঙ্গলবার রাতে আটককৃদের বিলাইছড়ি থানায় হস্তান্তর পর বিজিবি বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসমান গণি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৫ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে বিজিবির টহলদল তাদের আটক করে। পরে ১৭ নভেম্বর রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর দোপানিছড়া বিওপি কর্তৃপক্ষ আটক ব্যক্তিদের বিলাইছড়ি থানায় হস্তান্তর করে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর (রবিবার) রাত আনুমানিক ১১টার দিকে বড়তলী ইউনিয়নের ত্রিদেশীয় সীমান্ত পিলার-২০/৩৪ সংলগ্ন এলাকায় রুমা ব্যাটালিয়নের (৯ বিজিবি) অধীন দোপানিছড়া বিওপির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটজনকে ভারতে যাওয়ার চেষ্টাকালে দেখতে পায় টহলদল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান ও রাত্রিযাপনের উপযোগী খাদ্যসামগ্রী, রান্নার সরঞ্জাম, ছুরি, দা, ভারতীয় নোট এবং ক্যাম্পিংয়ের জন্য প্রয়োজনীয় তাঁবুসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মো. আব্দুল আহাদ (২২), বগুড়া সদর উপজেলার মো. হাসান সিহাব (৩০), ঢাকার ভাটারা এলাকার মো. নাহিদ হাসান আশিক (৩২), চকরবাজার এলাকার মো. সোহেল (৩৫), ভোলার চরফ্যাশন উপজেলার মো. হোসেন শরিফ ওরফে শিহাব (২৯), চট্টগ্রামের পটেঙ্গা এলাকার মো. মিনহাজুর রহমান সানি (২৬) এবং বান্দরবানের থানচি উপজেলার আরুপাড়ার লাং রাও ওরফে মুরং (২২) ও দনরুই মুরং (২৬)।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওসমান গণি বলেন, আটককৃদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করেছেন। সকালে তাদেরকে রাঙ্গামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আটক আটজনের বিরুদ্ধে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫-বি/২৫-ডি ধারা এবং দ্য বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর ১১(১)(ক) ধারায় বিলাইছড়ি থানায় মামলা দায়ের করেছেন। মামলাটির নম্বর ০১, ১৭ নভেম্বর ২০২৬।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.