ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন ওষুধ ব্যবসায়ীরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে বিসিডিএসের নীলফামারী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির জেলা শাখার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ। এতে উপস্থিত ছিলেন বিসিডিএসের নীলফামারীর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, সিনিয়র সহসভাপতি মো. সহিদুল ইসলাম, সহসভাপতি মো. তোবারক আলী ও মো. সফিউল আলমসহ জেলা ও বিভিন্ন উপজেলা উপশাখার নেতারা। এ সময় শহরের সাধারণ ওষুধ ব্যবসায়ীরাও কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধন শেষে জেলা শাখার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ বলেন, ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত ওষুধ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিসিডিএসের সম্পৃক্ততা বহাল রাখার দাবি জানান।
তিনি আরও বলেন, ওষুধ ব্যবসায়ীদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের সঙ্গে এ কোর্সের সংশ্লিষ্টতা রয়েছে। তাই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের ভূমিকা ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। সমাবেশ থেকে ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।