চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে তৈরি পোশাক কারখানা স্থাপন করবে সিঙ্গাপুর ও চীনের যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। কারখানাটিতে ২ হাজার ২৩০ জনের কর্মসংস্থান হবে।
বুধবার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে প্রতিষ্ঠানটির ভূমি ইজারা চুক্তি হয়েছে। বেপজা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে সংস্থাটির সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন ও জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও চুক্তিতে সই করেন।
বেপজা জানায়, চট্টগ্রাম ইপিজেডে বন্ধ হয়ে যাওয়া সিয়ামস সুপিরিয়র লিমিটেডের কারখানার জায়গায় নতুন কারখানাটি স্থাপন করা হবে। ২০২৪ সালের আগস্টে কারখানাটি বন্ধ হয়। পরে বেপজা নিয়ম মেনে প্রতিষ্ঠানটির যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে। উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন নিয়ে জয়ফুল এসব সম্পদ কিনে নেয়।
তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে উৎপাদন শুরু করবে প্রতিষ্ঠানটি। সংস্কারকাজের পাশাপাশি নতুন করে ৬০ লাখ ডলার বিনিয়োগ করা হবে। আগামী বছরের মার্চের মধ্যে সংস্কার শেষ করে উৎপাদন শুরুর আশা করছে প্রতিষ্ঠানটি।
বেপজার তথ্য অনুযায়ী, কারখানাটিতে বছরে ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এসব পোশাকের মধ্যে থাকবে হান্টিং স্যুট, ওয়াটারপ্রুফ ও টেকনিক্যাল আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, স্কি জ্যাকেট ও বিভিন্ন ধরনের প্যাডেড জ্যাকেট।
উৎপাদিত পোশাক ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীদের সব ধরনের বৈধ সুযোগ-সুবিধা ও সহায়তা দিতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বিনিয়োগের জন্য জয়ফুলকে ধন্যবাদ জানান। পাশাপাশি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সহযোগীদের বেপজার অন্যান্য ইপিজেডেও বিনিয়োগের আহ্বান জানান।
জয়ফুলের ব্যবস্থাপনা পরিচালক হ্যান জুনঝিয়াও বলেন, বিদ্যমান শিল্প অবকাঠামো ব্যবহার করে কারখানার কার্যক্রম শুরু করতে কিছু সংস্কারকাজ করতে হবে। আগামী বছরের মার্চের মধ্যে এসব কাজ শেষ করে উৎপাদন শুরুর আশা করছেন তিনি।