পরিচ্ছন্ন নগরী গড়তে জেলা প্রশাসকের আপ্রাণ চেষ্টা আর সাতকানিয়া উপজেলা পরিষদের সামনে উল্টো দৃশ্য।পরিচ্ছন্ন নগরী গড়তে নানা উদ্যোগ ও কর্মসূচি নিয়ে কাজ করছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। পরিচ্ছন্নতা কার্যক্রমকে এগিয়ে নিতে সম্প্রতি রেলওয়েতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে। এর আগে গত ২৭ জুলাই জেলার সব সরকারি কার্যালয়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ১৩৫ মেট্রিক টন ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশনা ও উদ্যোগে বিভিন্ন কর্মসূচিও চলমান রয়েছে। অথচ পরিচ্ছন্নতার এমন উদ্যোগের মধ্যেই সাতকানিয়া উপজেলা পরিষদের সামনেই দেখা গেছে সম্পূর্ণ বিপরীত চিত্র। প্রশাসনের গুরুত্বপূর্ণ এই কার্যালয়ের পূর্ব পাশে উপজেলা মসজিদগামী সড়কে জমেছে ময়লা-আবর্জনার স্তূপ।
সরেজমিনে দেখা যায়, উপজেলা পরিষদের পূর্ব পাশের সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খাবারের প্যাকেটসহ বিভিন্ন বর্জ্য। বিশেষ করে সমাজসেবা অধিদপ্তরের অধীনে চলমান শুমারি প্রশিক্ষণ কর্মসূচির খাবারের প্যাকেটের উচ্ছিষ্ট যত্রতত্র ফেলে রাখায় সেখানে ময়লার স্তূপ তৈরি হয়েছে। সরকারি একটি প্রশিক্ষণ কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট বর্জ্য যথাযথভাবে অপসারণ না করায় উপজেলা পরিষদের সামনের পরিবেশ দূষিত হচ্ছে।
বিষয়টি আরও বিব্রতকর এ কারণে যে, এই সড়ক দিয়েই উপজেলা মসজিদে যাতায়াত করেন মুসল্লিরা। পাশাপাশি প্রতিদিন বিভিন্ন সরকারি কাজে উপজেলা পরিষদে আসেন অসংখ্য মানুষ। প্রশাসনের প্রাণকেন্দ্রের সামনেই এমন অপরিচ্ছন্ন পরিবেশ জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
অন্যদিকে ডেঙ্গুর বিস্তার রোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে বলে জানা গেছে। মশার বংশবিস্তার রোধে যেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে উপজেলা পরিষদের সামনেই ময়লা-আবর্জনার স্তূপ তৈরি হওয়া সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্ন পরিবেশ গড়তে যখন বিভিন্ন সরকারি দপ্তরকে সম্পৃক্ত করে উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন উপজেলা পর্যায়ে সেই উদ্যোগের প্রতিফলন কতটা ঘটছে, সাতকানিয়া উপজেলা পরিষদের সামনের এই চিত্র যেন তারই একটি বাস্তব উদাহরণ। শুধু পরিচ্ছন্নতার কর্মসূচি পালন করলেই হবে না, কর্মসূচির ধারাবাহিকতা রক্ষা এবং সরকারি কার্যক্রম থেকে সৃষ্ট বর্জ্য যথাযথভাবে অপসারণের দায়িত্বও নিশ্চিত করতে হবে।
এ অবস্থায় উপজেলা পরিষদের সামনের ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ, বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সরকারি প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচিতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এরকম হতে পারে না।আমরা প্রতিদিন অফিস আদালত নিয়মিত পরিষ্কার রাখতেছি।খাবারের উচ্ছিষ্টও একটা পলিতে করে সুনির্দিষ্ট জায়গায় অপসারণের কথা।এরপরও আমি কর্মচারীর কাছে খোঁজ নিয়ে বিষয়টা দেখছি।
এবিষয়ে জানতে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থের মুঠোফোনে যোগাযোগের জন্য একাধিক চেষ্টা করা হলেও কল গ্রহণ করেননি।হোয়াটসঅ্যাপে জানতে চাইলেও সাড়া মেলেনি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
