সাতক্ষীরা সদর হাসপাতালে এক রোগীকে ধর্ষণের অভিযোগে হাসপাতালের এক আউটসোর্সিং কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতাল থেকে তাকে আটক করা হয়।
আটক মাহমুদুল হাসান (২৪) শহরের দক্ষিণ কাটিয়া ঢালীপড়ার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১৬ নভেম্বর) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসক দেখাতে যান ওই গৃহবধু। টিকিট কেঁটে চিকিৎসক দেখানোর পর চিকিৎসক কয়েকটি পরীক্ষার পরামর্শ দেন। এরপর বেলা ১২টার পর ওই নারী প্যাথলজি বিভাগে গেলে এখন হবে না বলে জানানো হয়। পরবর্তীতে প্যাথলজিতে থাকা আউটসোর্সিং কর্মী মাহমুদুল হাসান পরীক্ষার ব্যবস্থা করবেন বলে নারীকে আশ্বস্ত করেন।
পুলিশ আরও জানায়, মাহমুদুল হাসান নারীকে প্রসব (ইউরিন) নিয়ে আসার কথা বলেন। প্রসব আনতে গেলে প্যাথলজির রুমের দরজা বন্ধ করে দেন মাহমুদুল। এরপর জোরপূর্বক ধর্ষণ করেন। ওই নারী বাড়িতে গিয়ে তার স্বামীকে ঘটনা জানান। আজ দুপুরে নারী তার স্বামীকে সঙ্গে এনে থানায় লিখিত অভিযোগ করেন।
সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত মাহমুদুল হাসানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন ওই গৃহবধু। গৃহবধুর মেডিকেল পরীক্ষার ওই গৃহবধুকে পুলিশী ব্যবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।