নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী ইংরেজি শিক্ষিকা শামীমা সুলতানার বিরুদ্ধে অন্য শিক্ষকের ইনডেক্স নম্বর ব্যবহার করে চাকরি করার অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ইনডেক্স নম্বর ঠিক রেখে নাম পরিবর্তনের বিষয়টি স্বীকার করেছেন। এ নিয়ে শিক্ষক নিয়োগ ও এমপিওভুক্তির তথ্যের স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘ইনডেক্স নম্বর ঠিক আছে, কিন্তু নাম পরিবর্তন করা হয়েছে। হাসিমুদ্দিনের জায়গায় শামীমা সুলতানার নাম বসানো হয়েছে।’
অনুসন্ধানে জানা যায়, ৪৮০২৯৬ নম্বর ইনডেক্সটি মূলত মো. হাসিমুদ্দিন নামের এক শিক্ষকের। তিনি বর্তমানে আঞ্জুমান সরকারি উচ্চবিদ্যালয়ে সরকারি শিক্ষক হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, একটি চক্র শিক্ষা মন্ত্রণালয়ের এমপিও-সংক্রান্ত তথ্যব্যবস্থার (ইএমআইএস) মাধ্যমে নাম সংশোধনের আবেদন করে ওই ইনডেক্সে হাসিমুদ্দিনের নামের পরিবর্তে শামীমা সুলতানার নাম, জন্মতারিখ ও ছবি যুক্ত করেছে। এতে অন্য শিক্ষকের ইনডেক্স নম্বর ব্যবহার করে তিনি চাকরি ও সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সংশ্লিষ্ট নথি অনুযায়ী, শামীমা সুলতানার এমপিওভুক্তি বাতিল ও রেজাউল করিম খানকে এমপিওভুক্ত করার বিষয়ে একাধিক আদালতে মামলা হয়েছে। জেলা জজ আদালতে ১০৪/২০১০ ও ২৯/২০১১, হাইকোর্টে ৩২৭৭/২০১২ এবং সুপ্রিম কোর্টে ২৯৬৭/২০১৭ ও ৪৪৬/২০১৯ নম্বর মামলার রায় রেজাউল করিম খানের পক্ষে গেছে বলে সংশ্লিষ্ট সূত্রে দাবি করা হয়েছে।
এ ছাড়া জেলা শিক্ষা অফিসারের ৯ অক্টোবর ২০২৩ তারিখের ৩৭.০২.৭২০০.০০০.৪২.০২.২২-৭১২ নম্বর স্মারকে শামীমা সুলতানার এমপিও বাতিল করে রেজাউল করিম খানকে এমপিওভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে এরপরও শামীমা সুলতানা বিদ্যালয়ে কর্মরত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
প্রধান শিক্ষকের বক্তব্যের পর বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তাঁদের প্রশ্ন, আদালতের রায় ও শিক্ষা অফিসের নির্দেশনার পরও সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন?
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘ইনডেক্সে নাম পরিবর্তনের বিষয়টি গুরুতর জালিয়াতি। ইএমআইএস থেকে মূল তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’