হাইকোর্টের আদেশের পর নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৬ নম্বর কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল হয়েছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেড বাবু। বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে তাঁর পুনর্বহালের বিষয়টি নিশ্চিত করা হয়। বৃহস্পতিবার দুপুরে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১৪১৭০/২০২৬-এর ১৫ অক্টোবরের আদেশ এবং জেলা প্রশাসনের ১০ নভেম্বরের নির্দেশনার পরিপ্রেক্ষিতে অপসারিত চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে স্বপদে পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
এর আগে সরকারি খাসজমি জবরদখলের অভিযোগে গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের এক আদেশে তাঁকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।
গত ১৫ অক্টোবর শুনানি শেষে হাইকোর্ট তাঁর অপসারণের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি এবং তাঁর পুনর্বিবেচনার আবেদন আইন অনুযায়ী নিষ্পত্তির নির্দেশ দেন। পরে আদালতের আদেশের ধারাবাহিকতায় জেলা প্রশাসনের নির্দেশনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস আদেশে তাঁর পুনর্বহাল কার্যকর হয়।
বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পৌঁছালে প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রসিদ, হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর আসাদুজ্জামান, বিভিন্ন ওয়ার্ডের গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন তিনি। এ সময় কার্যালয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন চেয়ারম্যান।
দায়িত্ব গ্রহণের পর গ্রেনেড বাবু বলেন, “সব ভেদাভেদ ভুলে ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব। অসমাপ্ত কাজগুলো দ্রুত সম্পন্ন করার চেষ্টা করব।”
এদিকে, তাঁর পুনরায় দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম ও উন্নয়নকাজে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।