গাজীপুরের কালিয়াকৈরে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন ঘিরে একদিনেই দুই দফা উত্তেজনা ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মৌচাক এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও দুপুরে হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকায় আবারও সড়কে নামেন তাঁরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে বিজিবির একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে মধ্যাহ্ন বিরতির পর শ্রমিকেরা কারখানায় কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে জড়ো হন। একপর্যায়ে সড়কে ময়লা-আবর্জনার বস্তা ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পল্লীবিদ্যুৎ এলাকায় বিজিবির একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। এতে গাড়িটি ভাঙচুরের শিকার হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে তাঁদের একাংশ বিভিন্ন অলিগলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার মৌচাক আমবাগান এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি তৎপরতায় শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শ্রমিকদের দাবি, বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। কয়েক দিন ধরে এ দাবিতে উপজেলার বিভিন্ন শিল্পকারখানায় কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছেন তাঁরা। শ্রমিক অসন্তোষের কারণে কালিয়াকৈরের কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায়ও নয়টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, দুপুরে কয়েকটি কারখানার শ্রমিকেরা হঠাৎ সড়কে অবস্থান নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। এ সময় তাঁরা বিজিবির গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর করেন। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আশপাশের এলাকায় পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন রয়েছে। সংশ্লিষ্ট কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকেরা হঠাৎ বিক্ষোভ শুরু করলে তাঁদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছিল। কিন্তু দুপুরের দিকে আবারও কিছু শ্রমিক আকস্মিকভাবে সড়কে নেমে অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
