× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অপরাধ দমনে প্রযুক্তির ব্যবহার, এক মাসে এপিবিএনের বড় সাফল্য

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

১২ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর বিভিন্ন ইউনিট গত অক্টোবর ২০২৬ মাসে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এপিবিএন হেডকোয়ার্টার্সের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

এপিবিএন হেডকোয়ার্টার্স এলআইসি শাখা কর্তৃক প্রদত্ত তথ্যপ্রযুক্তির সহায়তার ভিত্তিতে দেশের বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে মোট ৬৫৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করেছে। পাশাপাশি ৪টি হ্যাকড ফেসবুক আইডি, ২টি হ্যাকড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং ১টি ইমো অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। এছাড়া জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে ৫৬৪ জনকে সহায়তা প্রদান করা হয়েছে। সাইবার সুরক্ষা আইনের ১টি মামলায় ৩ জনকে গ্রেপ্তার, ৫টি মোবাইল ফোন, নগদ ৫০০ টাকা, ১৫টি সিম কার্ড এবং বিকাশ-নগদ প্রতারণার ৪,৪২,৯৭০ টাকা উদ্ধার করা হয়েছে। 

এপিবিএন-এর বিভিন্ন ইউনিটের বিশেষ অভিযানে ১.৮৪৪ কেজি স্বর্ণের বার ও অলংকার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার টাকা। এ সংক্রান্ত ১৩টি মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ৭৬০ কেজি নিষিদ্ধ ঘোষিত সামুদ্রিক কাঁকড়া, ৩৯৬ কেজি কসমেটিকস, শাড়ি-থ্রি পিস, সোলার প্যানেল, বৈদ্যুতিক ব্যাটারি এবং অনুমোদনহীন সিএনজিসহ বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়েছে। পাশাপাশি ১ লক্ষ ১২ হাজার ৩৩০ বাংলাদেশি টাকা ও ৩০ কুয়েতি দিনার উদ্ধার করা হয়েছে। 

অভিযান ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ৩টি ওয়ান শুটার গান, ১টি একনলা বন্দুক, ৬ রাউন্ড গুলি, ২টি গুলির খোসা, ৬টি ছুরি এবং ১টি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৪টি মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মাদকবিরোধী অভিযানে ৬২ হাজার ৪৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১.০৪ কেজি গাঁজা, ২৫ লিটার মদ এবং ৭৪০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়েছে। মাদক সংক্রান্ত ৬টি মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

ট্রাফিক ব্যবস্থাপনায় ৪১৫টি মামলায় ১২ লাখ ৫৯ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিএসটিআই, কাস্টমস ও ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ১৬ লাখ ৩৯ হাজার ৮৮১ টাকা জরিমানা ও সাজা প্রদান করা হয় এবং এ কার্যক্রমে ৫০টি মামলায় ২৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৩২ জন পরোয়ানাভুক্ত আসামি, ৭ জন এজাহারনামীয় আসামি, মানব পাচার মামলায় ৩ জন এবং হত্যা মামলার ৩ জন আসামিসহ বেশ কিছু সন্দেহভাজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। পলায়নকালে এফডিএমএন-এর ৭ সদস্যকে আটক করা হয়। 

মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ৪ জন নিখোঁজ শিশুকে উদ্ধার এবং ৩২ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে ১০২টি যানবাহন আটক করে হাইওয়ে থানায় পাঠানো হয়েছে এবং ক্যাম্প এলাকা থেকে নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়েছে। 

অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএন-এর এ ধরনের আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.