খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম ইন্দ্রসিংপাড়া এলাকায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং স্থানীয়দের তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (১০ নভেম্বর) লক্ষ্মীছড়ি জোনের নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত লং রেঞ্জ পেট্রোলের (এলআরপি) সময় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
ইন্দ্রসিংপাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সালমান ফাইয়াজ-এর নেতৃত্বে পরিচালিত এ কার্যক্রমে আগে থেকে চিহ্নিত কয়েকটি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে লক্ষ্মীছড়ি জোনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, স্থানীয় জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলে জরুরি চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে লক্ষ্মীছড়ি জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে পাহাড়ি জনগোষ্ঠীর পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সুসম্পর্ক আরও সুদৃঢ় হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।