কুষ্টিয়া পুলিশ লাইন্সে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে খুলনা রেঞ্জ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা-২০২৬। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এতে খুলনা রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে মোট ১৫ জন পুলিশ সদস্য অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক বিতরণ করেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম। এ সময় আরআরএফ, খুলনা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে কৃতিত্ব অর্জন করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা ক্রীড়া কর্মকর্তা, ডিআইও-১, ডিএসবি, আরআই, পুলিশ লাইন্স, কুষ্টিয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ধরনের প্রতিযোগিতা পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, দক্ষতা, মনোবল ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।