চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি বিদ্যুৎ দুর্ঘটনায় এক কিশোরসহ দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাড়বকুণ্ড এলাকায় ডেকোরেশনের কাজ করতে গিয়ে গত ৬ নভেম্বর বিদ্যুৎস্পৃষ্ট হয় সজিব (১৫) নামের এক কিশোর। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
অন্যদিকে, সীতাকুণ্ড পৌরসভার হাজীপাড়া এলাকার বাসিন্দা আব্দুল করিমের ছেলে মোহাম্মদ শাকিল (বাদশা) (৩০) সোমবার সকাল ৯টার দিকে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
পৃথক দুটি দুর্ঘটনায় এক কিশোরসহ দুইজনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।