তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বিপিজেএর সভাপতি একেএম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সহসভাপতি মশিউর রহমান সুমন ও জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন বাদল, কোষাধ্যক্ষ নাসির শিকদার, দপ্তর সম্পাদক ফরিদ উদ্দীন, প্রচার সম্পাদক মো. সৌরভ, সাংস্কৃতিক সম্পাদক খোকন শিকদার, নির্বাহী সদস্য শফিকুল আলমসহ সাবেক সভাপতি এবিএম রফিকুর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক নুরুউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক ইতিহাস গঠনে ফটোসাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ফটোসাংবাদিকরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। অথচ বিভিন্ন ক্ষেত্রে তারা নানা ধরনের বঞ্চনার শিকার হন।
ফটোসাংবাদিকদের সংগঠনকে কীভাবে সহযোগিতা করা যায়, সরকারের সক্ষমতার মধ্যে থেকে সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
বিপিজেএর প্রধান কার্যালয়ের স্থায়ী বন্দোবস্তের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন জমা দিলে তিনি নিজে বিষয়টি দেখবেন। বর্তমান জায়গায় ব্যবস্থা করা সম্ভব না হলে বিকল্প জায়গার বিষয়টিও খতিয়ে দেখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনে মন্ত্রিসভায় বিষয়টি উত্থাপন করবেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের পক্ষে যারা কাজ করেছেন এবং জুলাই যোদ্ধাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিদের বিভিন্ন জায়গায় সুযোগ দেওয়ার বিষয়টি তিনি গুরুত্ব দেন। এ জন্য সংশ্লিষ্টদের একটি তালিকা দেওয়ার আহ্বান জানান।
সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে সরকার ধারাবাহিকভাবে মতবিনিময় করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর অংশ হিসেবে ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনা অব্যাহত থাকবে।
তিনি বলেন, সাংবাদিকদের বিভিন্ন দাবি-দাওয়া শোনা এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা করতেই তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি ও সরকারের পক্ষ থেকে সাংবাদিকদের কীভাবে সহযোগিতা করা যায়, গণতন্ত্র ও ভোটের অধিকার কীভাবে সমুন্নত রাখা যায় এবং দেশের উন্নয়নে সাংবাদিকরা কীভাবে ভূমিকা রাখতে পারেন, সেসব বিষয় আলোচনায় গুরুত্ব পেয়েছে।
সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সরকার কী কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে একটি পরিকল্পনা নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।
একই সঙ্গে দেশের উন্নয়নে সাংবাদিকদের সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।
সভায় বিপিজেএ সভাপতি একেএম মহসীন ফটোসাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন। তিনি সরকারি বিভিন্ন দপ্তরে ফটোসাংবাদিক নিয়োগ, জুলাই আন্দোলনে ফটোসাংবাদিকদের ভূমিকার স্বীকৃতি এবং বিভিন্ন দপ্তরে এখনো অবস্থান করা ফ্যাসিস্টদের চিহ্নিত করার দাবি জানান।
এছাড়া ফটোসাংবাদিকদের জন্য একটি ফটো ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং সংগঠনের প্রধান কার্যালয়ের স্থায়ী বন্দোবস্তের দাবি জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
