× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ৮ জন গ্রেপ্তার

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

০৪ নভেম্বর ২০২৬, ১৮:৪৮ পিএম

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজনের বিরুদ্ধে অপর ছয়জনকে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান চালায় এসআরবি-৯-এর একটি দল। অভিযানে স্থানীয় একটি বসতঘরে কয়েকজন ব্যক্তির অবস্থানের তথ্য পাওয়া যায়। তাঁরা বৈধ পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা যায়।

পরে ওই বসতঘরে অভিযান চালালে পালানোর চেষ্টাকালে আটজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুলাউড়া উপজেলার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫)। অন্য ছয়জন হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ আরও জানান, হারিছ আলী ও আবুল আলীর বিরুদ্ধে অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। আটক ব্যক্তিরা কেউই ভারতে যাওয়ার বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেননি।

অভিযান শেষে গ্রেপ্তার আটজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.