ছবি: সংবাদ সারাবেলা।
কেককাটা, দোয়া ও প্রতি ভোজের মধ্য দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) ১১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোবিবার (০১ নভেম্বর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সদর দপ্তরে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
জানা যায়, ব্যাটালিয়নটির প্রতিষ্ঠার সূচনা ঘটে ২০১০ সালের ১৯ জানুয়ারি। বিডিআর পুনর্গঠনের প্রেক্ষাপটে কুষ্টিয়া সেক্টর কমান্ডারের সভাপতিত্বে নতুন ব্যাটালিয়ন স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রাথমিক প্রস্তাবে তিনটি সম্ভাব্য স্থানের মধ্যে ঝিনাইদহের খালিশপুর অঞ্চলকে অগ্রাধিকার দেওয়া হয়। পরবর্তীতে ২০১৩ সালের ৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত শাখা-১ বর্তমান ব্যাটালিয়ন সদর দপ্তরের জন্য ভূমি অধিগ্রহণের অনুমোদন দেয়।
জেলা প্রশাসনের মাধ্যমে ১৩.৯৩ একর ব্যক্তিমালিকানাধীন এবং ১১ একর সড়ক ও জনপদ অধিদপ্তরের জমি অধিগ্রহণের মাধ্যমে ৫৮ ব্যাটালিয়নের কার্যক্রম শুরু করার প্রস্তুতি সম্পন্ন হয়।
২০১৪ সালের ৯ জুলাই অস্থায়ী টিনসেড ভবনে আনুষ্ঠানিকভাবে ব্যাটালিয়নের কার্যক্রম শুরু হয়। একই বছরের ১৪ জুলাই বিজিবির রিজিয়ন কমান্ডার হাবিবুল করিম ব্যাটালিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
পরে ২০১৫ সালের ১ নভেম্বর তৎকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ আনুষ্ঠানিকভাবে ৫৮ বিজিবির পতাকা উত্তোলনের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করেন।
ব্যাটালিয়নের প্রথম অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লে. কর্নেল তাজুল ইসলাম। পরবর্তীতে একে একে দায়িত্ব পালন করেন লে. কর্নেল জিল্লুর রহমান, লে. কর্নেল কামরুল আহসান, লে. কর্নেল শাহিন আজাদ, লে. কর্নেল মাসুদ পারভেজ রানা এবং লে. কর্নেল আজিজুস শহীদ।
বর্তমানে (২০২৫ সালের জানুয়ারি থেকে) ব্যাটালিয়নেত দ্বায়িত্বে পালন করছেন লে. কর্নেল মো. রফিকুল আলম। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ব্যাটালিয়নের কার্যক্রমকে আরও গতিশীল করেছেন। সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমন অভিযানে প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, মাদক ও চোরাচালান দমনে ৫৮ বিজিবি সবসময় কঠোর অবস্থানে আছে। সীমান্তে বিজিবির তৎপরতা শুধু অপরাধ দমন নয়, বরং স্থানীয় জনগণের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। এদিকে ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), পিএসসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিবির কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) বর্তমান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদ কামাল রনি
এছাড়া প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি ও ব্যাটালিয়নের সদস্যরা অংশগ্রহণ করেন।
এগারো বছরের এই গৌরবময় যাত্রায় ৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়ন শুধু সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করেনি, বরং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডেও রেখেছে অনন্য ভূমিকা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
