‘দক্ষ যুব গড়ছে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, যুব র্যালি, যুব ঋণের চেক বিতরণ এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসেনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।এছাড়াও সাতকানিয়া উপজেলা যুব অধিদপ্তরের কর্মকর্তা সামছুদ্দিনের সার্বিক পরিচালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন,সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোছাঈন,সাবেক উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় যুব দিবস উপলক্ষে যুব র্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় বক্তারা দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে যুবসমাজের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজকে দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূরীকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ যুবসমাজকে দক্ষতা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে স্থানীয় যুবকদের কর্মদক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় যুবসমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।