× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চুনকালি-জুতার মালা

ডেস্ক রিপোর্ট।

২৭ অক্টোবর ২০২৬, ২২:৩০ পিএম

নওগাঁর বদলগাছীতে শ্যালিকাকে বিয়ে করাকে কেন্দ্র করে একের পর এক ঘটনায় আলোচনায় এসেছেন টিকটকার মাসুদ রানা (৩৫)। প্রথম স্ত্রীর সম্মতিতে শ্যালিকাকে বিয়ে করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা।

এরপর ফেসবুক লাইভে অশালীন ভাষায় গালিগালাজ, আইনজীবীর সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি এবং স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ার ঘটনা ঘটে। একপর্যায়ে তাকে গলায় জুতার মালা পরিয়ে ও মুখে কালি মাখিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। পরে নিজের কাজের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে এক স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পূর্ণিমা (২১) নামের শ্যালিকাকে বিয়ে করেন মাসুদ রানা। পরিবারের সম্মতি ও প্রথম স্ত্রী মৌসুমী (২৮)-এর অনুমতি নিয়ে এ বিয়ে হয়েছে বলে জানা গেছে। বিয়ের পর মাসুদ ও পূর্ণিমা নিজেদের বিয়ের ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক আরও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ফেসবুক লাইভে এসে দর্শকদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করেন মাসুদ। লাইভে দুই বোনকে একই সঙ্গে বিয়ে করার ধর্মীয় নিষেধাজ্ঞার বিষয়টি তিনি জানেন বলেও মন্তব্য করেন। এ নিয়ে তার সমালোচনা আরও বাড়ে। পরে নওগাঁ জজ কোর্টের আইনজীবী শাহীন কাদির ডলার মাসুদ রানাকে তার সেরেস্তার কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে অবাঞ্ছিত ঘোষণা করেন বলে জানা গেছে।

এদিকে, স্থানীয়দের আপত্তির মুখে বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের বৈরাগীপাড়ায় ভাড়া বাসা ছেড়ে সোমবার সন্ধ্যা ৬টার দিকে মহাদেবপুরে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন মাসুদ রানা ও তার দুই স্ত্রী। কিন্তু সেখানেও তাঁরা স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সোমবার সন্ধ্যায় মহাদেবপুর উপজেলার মাতাজিহাট এলাকায় শ্বশুরবাড়িতে আশ্রয় নিলে রাতে একদল বিক্ষুব্ধ ব্যক্তি মাসুদ রানাকে অবরুদ্ধ করেন। এ সময় তার গলায় জুতার মালা পরিয়ে এবং তার ও প্রথম স্ত্রী মৌসুমীর মুখে পাতিলের কালি মাখিয়ে এলাকা ছাড়তে বাধ্য করার অভিযোগ উঠেছে। পরে রাইগাঁ পুলিশ ফাঁড়ির সহযোগিতায় বিক্ষুব্ধ জনতার হাত থেকে মুক্ত হয়ে দুই স্ত্রীকে শ্বশুরবাড়িতে রেখে সেখান থেকে চলে যান তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তবে ঘটনার পরও আলোচনা থামেনি। সোমবার রাত ১১টার দিকে বদলগাছীতে আবারও দেখা যায় মাসুদ রানাকে। এ সময় এক সচেতন নাগরিক তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পরে একটি ভিডিও বার্তায় নিজের কাজের জন্য ক্ষমা চান তিনি। নিজের কাজকে ভুল স্বীকার করে এক স্ত্রীকে তালাক দেওয়ার ঘোষণা দেন এবং ভবিষ্যতে ওই এলাকায় আর যাবেন না বলে জানান।

তবে তালাক দেওয়ার ঘোষণা বাস্তবায়িত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে জানতে মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

একটি বিয়েকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক, কর্মস্থল থেকে অব্যাহতি, এলাকা ছাড়ার পরিস্থিতি এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার ঘটনায় নওগাঁজুড়ে আলোচনা চলছে। তবে অভিযোগের সত্যতা যাচাই এবং সংশ্লিষ্ট সবার বক্তব্যের ভিত্তিতে ঘটনার পূর্ণাঙ্গ চিত্র নির্ধারণ করা প্রয়োজন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.