রাজধানীর মিরপুর-১০ নম্বরের মতো ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীর নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, ঢাকা শহরের যেসব জায়গায় ফুটপাত দখল হয়ে আছে এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে, সেসব হটস্পট চিহ্নিত করে দখলমুক্ত করা হবে।
একটি একটি করে ফুটপাত দখলমুক্ত করে নগরবাসীর হাঁটাচলার পথ তৈরি করা হবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, গত ১৭ তারিখে জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান স্বেচ্ছাসেবক দলের নেতাদের ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে কাজ করার নির্দেশনা দিয়েছেন। ঢাকাকে পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য সরকার ও সিটি করপোরেশনের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল একটি সুশৃঙ্খল সংগঠন।
তাদের পরিচ্ছন্নতা ও সবুজায়নের কাজে যুক্ত করা হলে নগরবাসী আরও উপকৃত হবে এবং সিটি করপোরেশনও সহযোগিতা পাবে।
শফিকুল ইসলাম খান বলেন, দীর্ঘ ১৮ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে অনেকেই ত্যাগ স্বীকার করেছেন। এখন দেশ গড়ার সময়। প্রধানমন্ত্রী যেভাবে দেশকে আধুনিক ও বাসযোগ্য করার নির্দেশনা দিচ্ছেন, তাঁর একজন সহকর্মী হিসেবে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করা আমাদের দায়িত্ব।
তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ইতোমধ্যে যেসব জায়গায় গাছ লাগানো হয়েছে, সেগুলোর পরিচর্যা করবেন। নতুন করে যেসব জায়গায় গাছ লাগানো হবে, সেখানেও নিয়মিত পানি দেওয়ার ব্যবস্থা করবেন। সপ্তাহে দুই থেকে তিন দিন রুটিন করে গাছে পানি দেওয়া এবং যেসব জায়গায় বেশি ময়লা জমে আছে, সেগুলো নিজেদের উদ্যোগে পরিষ্কার করার কাজ করবেন। এ কাজে সিটি করপোরেশন সহযোগিতা করবে।
নগরবাসীর বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে ‘আমার ঢাকা’ নামে একটি অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, অ্যাপটির কাজ চলছে। অল্প কিছুদিনের মধ্যেই এটি উদ্বোধন করা হবে। নগরীর যেকোনো এলাকার সমস্যা অ্যাপের মাধ্যমে জানানো হলে ২৪ ঘণ্টার মধ্যে তা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফিক্স ইট ডিএনসিসি’ নামে একটি অ্যাপ তৈরি করেছিলেন। সেটির মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা হয়েছে।
মিরপুর-১০ নম্বরের ফুটপাত দখলমুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, আগে এই এলাকার ফুটপাত দিয়ে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারতেন না। ব্যবসায়ীদেরও চলাচলে সমস্যা হতো। মিরপুরবাসী ও সহকর্মীদের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এখন সেটিকে আরও নান্দনিক ও দৃষ্টিনন্দন করতে সংস্কারকাজ চলছে। ইতোমধ্যে সেখানে গাছ লাগানো হয়েছে।
শফিকুল ইসলাম খান বলেন, শুধু মিরপুর-১০ নয়, যেসব জায়গায় যানজট সৃষ্টি হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতে বিঘ্ন ঘটে কিংবা নগরবাসীর হাঁটাচলায় সমস্যা হয়, সেসব এলাকার ফুটপাত পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশ গড়ার কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এখন দেশ গড়ার সময়। প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’ অঙ্গীকার বাস্তবায়নে তারা প্রস্তুত রয়েছেন।
রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রসঙ্গে ডিএনসিসি প্রশাসক বলেন, একটি রাজনৈতিক সংগঠন বিভিন্নভাবে প্রধানমন্ত্রীর কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে কাজ করা হবে।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, নগরবাসী যেন তাকে সহযোগিতা করেন। মিরপুর-১০ নম্বরের মতো ঢাকার বিভিন্ন এলাকার দখল হয়ে থাকা ফুটপাত উদ্ধার করে মানুষের চলাচলের উপযোগী করে তোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনিসহ সংগঠনটির নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
