বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আনন্দ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টা থেকে জামালপুর জেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। প্রথমে আলোচনা সভা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মুস্তাফিজুর রহমান আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মঞ্জু ও আনোয়ারুজ্জামান লিটন, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মঞ্জুরুল করিম সুমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের নেতৃত্বে একটি আনন্দ র্যালি ও শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের গেটপাড়, দয়াময়ী মোড়, মেডিকেল রোড, তমালতলা, সকাল বাজার, বকুলতলা ও পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয়।প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র্যালি ও শোভাযাত্রায় জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, বকশীগঞ্জ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলাসহ বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন থেকে প্রায় পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। র্যালি শেষে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরের প্রত্যয় নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।