ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ সিরাপ, বিভিন্ন ধরনের ওষুধ এবং কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৮ ব্যাটালিয়ন। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ (২৭ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ (২৭ অক্টোবর) ভোরে ও গত ২৬ অক্টোবর রাতে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক ৪টি অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।
সামন্ত বিওপির দায়িত্বপূর্ণ এলাকার থেকে বেলেহাটি মসজিদের পাশ থেকে সুবেদার মো. একরামুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৬৭ বোতল ভারতীয় সিরাপ (Win Cerex Cough Syrup) আটক করা হয়।
একই দিন ভোর আনুমানিক ০২:২৫ ঘটিকায় নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শিংনগর গ্রামের হালদার পাড়ার পাকা রাস্তার পাশ থেকে হাবিলদার মো. জামাল খানের নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ভারতীয় সিরাপ (Codeine Phosphate & Triplolidine Hydrochloride Syrup) জব্দ করা হয়।
আজ সকাল আনুমানিক ৮ ঘটিকায় গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত হতে গয়েশপুর গ্রামের সোনা মিয়ার ধান খেতের মধ্য থেকে সুবেদার মো. জামিরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৮,৮৫০ পিস ভারতীয় ওষুধ এবং ১৯১ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।
এর আগে গত ২৬ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ১৯:৩০ ঘটিকায় জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত থেকে ০৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর এলাকার পাকা রাস্তার পাশ থেকে হাবিলদার মো. মুন্সী সোহরাব হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫০ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়।
সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।