× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আশুগঞ্জ ব্রিজ এলাকা থেকে অচেতন উদ্ধারের পর মৌলভীবাজারের মাদ্রাসা শিক্ষকের রহস্যজন মৃত্যু!

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

২৫ অক্টোবর ২০২৬, ১৮:২১ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামান জসিম তালুকদারকে গত শনিবার সকালে ভৈরব-আশুগঞ্জ ব্রিজের নির্জন এলাকায় স্থানীয়রা অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করান। এর পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০ টার দিকে সেখানেই তাঁর মৃত্যু হয়। 

নিহত শিক্ষক মাওলানা মনিরুজ্জামান জসিম তালুকদার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামের আব্দুল ওয়াহিদ এর ছেলে। তিনি দীর্ঘদিন যাবত জেলার শীর্ষ কওমী মাদ্রাসা জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। একই মাদ্রাসায় তিনি শিক্ষা জীবনও সম্পন্ন করেন বলে জানিয়েছে মাদ্রাসা কতৃপক্ষ। মাদ্রাসার ছাত্র-শিক্ষক সহ স্থানীয়দের কাছে মাওলানা মনিরুজ্জামান ছিলেন চৌমুহনী হুজুর হিসেবে পরিচিত। 

তাঁর রহস্যজনক মৃত্যু ঘিরে পরিবার, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী সহ গোটা আলেম সমাজে নেমে এসেছে শোকের ছায়া পরববারের দাবি, শুক্রবার বিকালে বাড়ি থেকে বের হবার পর কে বা কারা অপহরণ করে ভৈরব-আশুগঞ্জ সেতু সংলগ্ন এলাকায় নিয়ে যায়। পরে তাঁকে অচেতন অবস্থায় মারধর করে সেতুর নিচে ফেলে রেখে যায়। স্থানীয় এক যুবক তাঁকে দেখতে পেয়ে ভৈরবের একটি হাসপাতালে ভর্তি করান। ভর্তির পর মাওলানা মনিরুজ্জামান এর পরিচয় নিশ্চিতে ফেসবুকে ছবি সহ ভিডিও পোস্ট করলে বিষয়টি নজরে পড়ে পরিবারের সদস্যদের। ভিডিও পোস্টের সাথে দেয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হন পরিবারের সদস্যরা ।

মাওলানা মনিরুজ্জামান জসিম তালুকদার এর ভাতিজা সাংবাদিক মোস্তাকিম আল মোন্তাজ জানান,

ভিডিওর মাধ্যমে শনিবার বিকেলে বিষয়টি জানতে পারি। পরে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করি এবং আমাদের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করি। যিনি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন, তাঁর কাছ থেকেও চাচাকে উদ্ধারের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানতে পারি।

নিহত আলেম মাওলানা মনিরুজ্জামান জসিম তালুকদার এর রহস্যজনক মৃত্যু, ভৈরব-আশুগঞ্জ এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার সংক্রান্ত বিষয়ে যুক্তরাজ্যে বসবাসরত বরুণা মাদ্রাসার সদরে মুহতামিম মাওলানা শেখ নুরে আলম হামিদীর সাথে ফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে খবর আসার পর আমাদের মাদ্রাসা শিক্ষক মাওলানা আহমদ জুবায়ের জুয়েলসহ নিহত মাওলানা মনিরুজ্জামানের পরিবারের কয়েকজন সদস্যকে সেখানে পাঠানো হয় । তিনি বলেন, আমার জানামতে মাওলানা মনিরুজ্জামান জসিম তালুকদার এর সাথে কারও কোন দ্বন্দ্ব কিংবা পূর্ব বিরোধ নেই। 

এদিকে নিহত মাওলানা মনিরুজ্জামান জসিম তালুকদারকে অচেতন অবস্থায় উদ্ধার পরবর্তীতে হাসপাতালে মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে ভৈরব থানা পুলিশও। ইতিমধ্যে শনিবার রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ নেয়া হয়েছে সেখানকার হাসপাতালে। 

পরিবারের বরাতে জানা যায়, মৃত্যুর পর হাসপাতালের দেয়া মেডিকেল ছাড়পত্রে মাওলানা মনিরুজ্জামান জসিম তালুকদার এর মৃত্যুর কারণ হিসেবে সেখানে উল্লেখ করা হয়েছে ‘অজ্ঞাত বিষক্রিয়া’। অর্থাৎ, কী ধরনের বিষাক্ত পদার্থের কারণে বিষক্রিয়া হয়েছে, তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান,নিহত মাওলানা মনিরুজ্জামান এর পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন তিনি শুক্রবার ব্যক্তিগত কাজে ঢাকা যাচ্ছিলেন। পথে হয়তো দুষ্কৃতকারীরা তাঁকে অচেতন করে ফেলে পালিয়ে যায়। পুরো বিষয়টি এখন ভৈরব থানা পুলিশ তদন্ত করছে।

ও দিকে মাওলানা মনিরুজ্জামান জসিম তালুকদার এর রহসজনক মৃত্যুর ঘটনায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। শোকে মুহ্যমান পরিবার, সহপাঠী ও আলেম সমাজ চান এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার। অনেকে এ ঘটনাকে অস্বাভাবিক, রহস্যজনক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.