× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেনীতে যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, চিকিৎসাধীন অবস্থায় মৃত্য

রেজাউল করিম মজুমদার, ফেনী

২৪ অক্টোবর ২০২৬, ১৯:১৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফেনীর ছাগলনাইয়ায় আবদুল হক ৪৫ নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে কুপিয়ে গুরুতর আহত করে গাড়ী ছিনতাই করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা. পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার ২৪ অক্টোবর সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত আবদুল হক উপজেলার মহামায়া ইউনিয়নের মাতিয়াগোদা গ্রামের বাসিন্দা. তিনি ঋণ ও কিস্তির টাকা দিয়ে অটোরিকশাটি কিনেছিলেন এবং তাঁর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার চাঁদগাজী বাজার থেকে কয়েকজন দুর্বৃত্ত যাত্রীবেশে পাঠাননগর বাজারে যাওয়ার কথা বলে আবদুল হকের অটোরিকশাটি ভাড়া করে. পরবর্তীতে গাড়ীটি বাংলা বাজারের পাশের একটি নির্জন সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ী থামিয়ে আবদুল হককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে. এরপর রক্তক্ষরণ অবস্থায় তাঁকে রাস্তায় ফেলে রেখে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা।

স্থানীয় পথচারীরা রক্তাক্ত অবস্থায় চালককে সড়কের পাশে পড়ে থাকতে দেখে ছাগলনাইয়া থানা পুলিশকে খবর দেন. পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়. পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়. সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর আনুমানিক ৬টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে. প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে আসা ছিনতাইকারী চক্রই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে. অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে. নিহতের স্ত্রী ও স্বজনরা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.