পাবনার ঈশ্বরদীতে গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে মাওলানা মুফতি নজরুল ইসলাম (৫২) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে গাছ কাটার সময় এ ঘটনা ঘটে।
নিহত মাওলানা মুফতি নজরুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে। রহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব ছিলেন।
সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইমলাক হোসেন বাবু বিশ্বাস ও স্থানীয় মেম্বার আবুল হাশেম এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকার পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। নিজ গ্রামে একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসা গড়ে তোলার লক্ষ্যে প্রায় দুই মাস আগে চাকরি ছেড়ে তিনি গ্রামে ফিরে আসেন। বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠার কাজ শুরু করেন। ঘটনার দিন শনিবার সকালে মাদ্রাসা নির্মাণের জন্য নির্ধারণকৃত জায়গায় থাকা একটি বিটুলি গাছ কাটতে যান। এক পর্যায় কেটে ফেলা গাছের নিচে তিনি চাপা পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান আসাদ জানান, সাহাপুরের রহিমপুর গ্রামে গাছের চাপায় একজন ইমামের মৃত্যুর খবর জানা গেছে। তবে নিহতের পরিবার থেকে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।