চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ অলিপুর গ্রামে অগ্নিকাণ্ডে আব্দুল জব্বার প্রধানের বসতবাড়ির মালামাল ও গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় একটি গর্ভবতী ছাগলেরও মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত আব্দুল জব্বার প্রধান। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আব্দুল জব্বার প্রধানের অভিযোগ, পূর্ববিরোধের জেরে দুর্বৃত্তরা তাঁর বসতবাড়ি ও গুদামঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে বাড়ির বিভিন্ন মালামাল ও গুদামে সংরক্ষিত জিনিসপত্র পুড়ে যায়। এ সময় গুদাম ও বসতবাড়ির মালামালের পাশাপাশি একটি গর্ভবতী ছাগলও পুড়ে মারা যায়।
তিনি জানান, আকস্মিক এ অগ্নিকাণ্ডে তাঁর চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পরিবারটি আর্থিকভাবে বিপাকে পড়েছে। বসতবাড়ি ও গুদামের মালামাল পুড়ে যাওয়ায় তাঁকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে।
এ ঘটনায় মোঃ জব্বার আলী অভিযোগ করেন, আগুন লাগার পর তিনি ঘটনাস্থলে অলিপুর গ্রামের মৃত মোকসেদ আলী প্রধানের ছেলে মোঃ হোসেন (৪০) এবং মমরুজকান্দি গ্রামের আবু তাহেরের ছেলে আল আমিন (৩০) ও রাব্বি (৩২)কে দেখেছেন। তবে অগ্নিকাণ্ডে তাঁদের সম্পৃক্ততার বিষয়টি এখনো তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত আব্দুল জব্বার প্রধান ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, আগুন লাগার খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।