× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাটুরিয়ায় মসজিদের জমি নিয়ে উত্তেজনা, ২২ শতাংশ বরাদ্দ বাতিলের দাবি

মানিকগঞ্জ প্রতিনিধি,

২২ অক্টোবর ২০২৬, ২০:০৮ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের পূর্ব কুষ্টিয়ায় সরকারি অর্পিত সম্পত্তির ২২ শতাংশ জমি বরাদ্দ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। সড়ক উন্নয়ন প্রকল্পের কারণে পূর্ব কুষ্টিয়া জামে মসজিদটি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। এ অবস্থায় মসজিদ পুনর্নির্মাণের জন্য জমিটি মসজিদের নামে বরাদ্দের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মুসল্লিরা। তাঁদের অভিযোগ, জমিটি কৃষকদলের পাঁচ নেতার নামে বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে পূর্ব কুষ্টিয়া চৌরাস্তা মোড়ে ওই বরাদ্দ বাতিল করে জমিটি মসজিদের নামে বরাদ্দের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন এলাকাবাসী ও সাধারণ মুসল্লিরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, সড়ক উন্নয়ন প্রকল্পের কারণে পূর্ব কুষ্টিয়া জামে মসজিদের মূল ভবনটি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। ফলে মসজিদটি স্থানান্তর বা পুনর্নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে চৌরাস্তা মোড়ের সরকারি অর্পিত সম্পত্তি ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য বরাদ্দ চেয়ে দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে আবেদন জানিয়ে আসছেন তাঁরা।

তবে তাঁদের অভিযোগ, স্থানীয়দের দাবির বিষয়টি বিবেচনায় না নিয়ে সম্প্রতি ওই এলাকার ২২ শতাংশ জমি কৃষকদলের পদধারী পাঁচ ব্যক্তির নামে বরাদ্দ দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মো. শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, একটি ধর্মীয় প্রতিষ্ঠানের অস্তিত্ব যখন সংকটের মুখে, তখন মসজিদ পুনর্নির্মাণের জন্য জমি পাওয়া অত্যন্ত জরুরি। এ অবস্থায় সরকারি সম্পত্তি ব্যক্তি বিশেষের নামে বরাদ্দ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করা প্রয়োজন।

বক্তারা অবিলম্বে পাঁচ ব্যক্তির নামে দেওয়া বরাদ্দ বাতিল করে পুরো ২২ শতাংশ জমি পূর্ব কুষ্টিয়া জামে মসজিদের নামে বরাদ্দ দেওয়ার জন্য জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য দেন খোরশেদ আলম, মিজানুর রহমান, ব্যবসায়ী সেলিম মাহমুদ, মঞ্জুর আলম ও বালিয়াটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাবিবুর রহমান হাবু।

জমির লিজগ্রহীতা ও বালিয়াটি কৃষকদলের সভাপতি মো. রেজাউল করিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারি সব নিয়মকানুন মেনেই আমরা ওই জমি লিজ পেয়েছি। একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলের জন্য মসজিদকে ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে।’

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, জমিটি লিজের জন্য আবেদনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেছিলেন। পরে বিষয়টি বাস্তবায়নের জন্য তাঁদের কার্যালয়ে এলে সরেজমিনে নিরপেক্ষ তদন্ত করা হয়। সরকারি বিধিবিধান অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়েছে।

মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। বক্তারা জানান, দ্রুত জমিটি মসজিদের নামে বরাদ্দের ব্যবস্থা না করা হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.