চট্টগ্রামের চন্দনাইশে মারসা বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া খানহাট বাজারের উত্তর পাশে চন্দনাইশ ব্র্যাক আঞ্চলিক অফিসের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্যমতে, কক্সবাজার থেকে আসা মারসা বাসটি (রেজি. নং- চট্টমেট্রো-ব-১১-১২১৩) নির্ধারিত লেন অতিক্রম করে ওভারটেক করার সময় চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী একটি প্রাইভেটকারের (রেজি. নং- চট্টমেট্রো-গ-১২-৬০৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারের চালকসহ পাঁচজন আহত হন। আহতরা হলেন সৈয়দ মোহাম্মদ রিজুয়ান (৪৩), কানিজ ফাতেমা (৩৬), জান্নাতুল আফরা (৭), সৈয়দ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ছিদ্দীকি (১২) এবং প্রাইভেটকারের চালক মো. আনোয়ার হোসেন (৩২)।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চন্দনাইশ বিজিসি ট্রাস্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে সৈয়দ মোহাম্মদ রিজুয়ানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার দুটি হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।