চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দিয়েছে একটি মাইক্রোবাস। এতে একই পরিবারের মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আনোয়ারা বিদ্যুৎ অফিসসংলগ্ন মহাসড়কে চট্টগ্রাম মুখিলেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রুজি আক্তার (৬০) ও তাঁর মেয়ে মোছাম্মৎ নাজমা খাতুন (৪২)। আহতদের মধ্যে নাজমা খাতুনের স্বামী আসলাম হোসেন রয়েছেন। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুজি আক্তার ও নাজমা খাতুনকে মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নাজমা খাতুনের শ্বশুরের কবর জিয়ারত করতে মাইক্রোবাসটি ঢাকার মোহাম্মদপুর থেকে বান্দরবানের উদ্দেশে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।