× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুরে নজর কাড়ছে সাজসজ্জা, নিরাপত্তা জোরদার

মো. সাইফুল ইসলাম, নীলফামারী।

১৯ অক্টোবর ২০২৬, ১৩:২৮ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে সাজসজ্জা ও পরিচ্ছন্নতার কাজ। বিমানবন্দর সড়কসহ শহরের বিভিন্ন স্থানে টাঙানো হচ্ছে রংবেরঙের ব্যানার-ফেস্টুন। সড়কের বিভাজকে রং করা, মেরামত ও ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চলছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শহরের বিভিন্ন সড়কের পাশে টাঙানো হচ্ছে ব্যানার ও ফেস্টুন। সড়কের বিভিন্ন স্থানে রং করে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। পাশাপাশি সড়কের পাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। কোথাও কোথাও ময়লার স্তূপ বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শহরজুড়ে চলছে প্রস্তুতি। এ সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। এরপর সৈয়দপুর থেকে সড়কপথে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। পরিদর্শন শেষে সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। পরে রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়কপথে রংপুরে যাবেন। তাঁর আগমন ঘিরে তাঁরা উচ্ছ্বসিত। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন।

একই কমিটির সাধারণ সম্পাদক শাহিন আক্তার বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে রংপুরে যাবেন। সেখানে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে আবার সৈয়দপুর বিমানবন্দরে ফিরে রাজশাহীর উদ্দেশে যাত্রা করবেন। এ উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তাঁরা প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানাবেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌর এলাকার ওপর দিয়ে রংপুরে যাবেন। এ উপলক্ষে পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি সড়কের বিভিন্ন স্থানে রং করা ও বিভাজক মেরামতের কাজ চলছে। যেসব স্থানে ময়লার স্তূপ রয়েছে, সেগুলোও পরিষ্কার করা হচ্ছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.