× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দেবহাটায় শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী গ্রেপ্তার

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা

১৮ অক্টোবর ২০২৬, ১৯:১৪ পিএম

সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে (৩৮) গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফজলুল হক আমিনী (৪৫) দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি শামীম হত্যা মামলার প্রধান আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর শামীম ও তাঁর স্ত্রীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই অডিওতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো মন্তব্য রয়েছে—এমন অভিযোগ ওঠার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শামীমের বাড়িতে হামলার ঘটনা ঘটে।

পরদিন ১৩ অক্টোবর বিকেলে স্থানীয় বাজারে এক পল্লি চিকিৎসকের চেম্বারে চিকিৎসা নিতে গেলে একদল লোক তাঁকে সেখান থেকে বের করে মারধর করে বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তবে ওই রাতেই পরিস্থিতির আরও অবনতি ঘটে। মামলার অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ফজলুল হক আমিনীর নেতৃত্বে একটি মিছিল নিয়ে হাসপাতালে হামলা চালানো হয়। এ সময় হাসপাতাল থেকে শামীমকে বের করে নিয়ে পুনরায় মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শামীমের বড় ভাই আবদুল জলিল সানা বাদী হয়ে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এজাহারে ফজলুল হক আমিনীকে ১ নম্বর আসামি করা হয়।

মামলা দায়েরের পর থেকে প্রধান আসামিসহ অন্য আসামিরা আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় এর আগে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এসআরবি-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ফজলুল হক আমিনীকে রোববার (১৮ অক্টোবর) দুপুরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পরে সদর থানা-পুলিশ তাঁকে আদালতে পাঠানোর ব্যবস্থা নেয়।

এসআরবি-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (সিপিসি-১) জানান, বিভিন্ন মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে তাঁদের অভিযান চলমান থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.