২০১৯ সালে তৎকালীন আরএমও ডাঃ পলাশ রায়ের স্থলাভিষিক্ত হয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হিসেবে (আরএমও) যোগদান করেছিলেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আহমেদ ফয়সাল জামান।
বিগত আওয়ামীলীগ সরকারে শাসনামল থেকেই তিনি এই পদে একই কর্মস্থলে দীর্ঘদিন যাবত বেশ দাপটের সাথে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। অবশেষে দ্বায়িত্বের অবসান হয়েছে তাঁকে প্রত্যাহারের মধ্যদিয়ে। অবশ্য গত কয়েকদিন যাবত তাঁর বদলির বিষয়ে গুঞ্জন শুনা যাচ্ছিলো।
গত বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ জালাল উদ্দীন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত আদেশে তাঁকে প্রত্যাহার করা হয়। একই সাথে ডাঃ আহমেদ ফয়সাল জামানকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
ওই আদেশে ডাঃ আহমেদ ফয়সাল জামানকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউ. এইচ.এন্ড.এফ.পি.ও) হিসেবে নতুন কর্মস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ন্যস্ত করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আবাসিক মেডিকেল অফিসার হিসেবে ডাঃ আহমেদ ফয়সাল এর বদলি হলেও তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ওই দ্বায়িত্বে এখনো মন্ত্রণালয় থেকে কাউকে নতুন করে নিয়োগ দেয়া হয়নি। ফলে মন্ত্রণালয় থেকে আবাসিক মেডিকেল অফিসার নিয়োগের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত হাসপাতাল কতৃপক্ষ ভারপ্রাপ্ত হিসেবে হাসপাতালে কর্মরত যে কোন একজনকে দ্বায়িত্ব পালনে নির্দেশনা দিবেন এমন সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রণয় কান্তি দাস।
তিনি বলেন, বদলির বিষয়টি রুটিন ওয়ার্ক। তবে ওই পদে দ্বায়িত্ব পালনের জন্য আপাদত আমরা হাসপাতালে কর্মরত যেকোনো একজনকে দ্বায়িত্ব দেবো। কাকে দেয়া হবে দ্বায়িত্ব সে বিষয়টি এখনো চুড়ান্ত হয়নি।