রংপুর বিভাগে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত এক বছরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ২০০ জন স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর অস্ত্রোপচার হয়েছে। যা সার্জারি বিভাগের মোট অস্ত্রোপচারের মধ্যে সর্বাধিক। অজ্ঞতার কারণে অনেক রোগী হাসপাতালে স্তন ক্যান্সারের চিকিৎসা নিতে আসছে না। চিকিৎসা নিতে দেরী করায় অনেককে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগ আয়োজিত ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীতে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ তথ্য দেন। সকালে রংপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন।
সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম নন্তুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জহিরুল হক, সার্জারি বিভাগের সহযোগি অধ্যাপক ডা. সৈয়দা শাহনাজ নাসরুল্লাহ ইলোরাসহ সার্জারির মাধ্যমে স্তন ক্যান্সার থেকে সুস্থ্য হওয়া নারীরা।
এতে বক্তারা বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জার বিভাগ স্তন ক্যান্সারের চিকিৎসায় বর্হিবিভাগে একটি ক্লিনিক চালু করেছে। যেখানে স্তনের স্ক্রিনিংসহ চিকিৎসকরা স্তন ক্যান্সার প্রতিরোধে পরামর্শ দিয়ে থাকেন। যাদের বয়স ৩০ থেকে ৫০ কিংবা তার বেশি, তাদের স্তনে যদি কোন গুটি, চাকা বা অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করা যায়, যা পরবর্তী মাসিক ঋতুচক্র পাড় হওয়ার পরও থেকে যায়। তাহলে স্তন ক্যান্সারের শংঙ্কা থেকে দ্রুত কোন সার্জনের সাথে যোগাযোগ করতে হবে। বেশির ভাগ রোগী দেরী করে হাসপাতালে আসায় তাদের সুস্থ্য করে তোলা সম্ভব হয় না।
বক্তারা আরও বলেন, স্তন ক্যান্সার হলে মানুষ মারা যায় সমাজে এমন ভ্রান্ত ধারণা রয়েছে। এই ক্যান্সারের চিকিৎসা করে মানুষ সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবন-যাপন করতে পারবে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেডিও থেরাপি মেশিন নেই। যদি এই মেশিন চলে আসে তখন স্তন কেটে না ফেলেও স্তন ক্যান্সারের অপারেশন করা সম্ভব হবে। এছাড়া স্তন ক্যান্সার রোগীদের অপারেশনসহ কেমোথেরাপি কার্যক্রম রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চালু রয়েছে।
এরপর একটি র্যালী রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর কেককাটাসহ কলেজ অডিটরিয়ামে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।