× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জয়পুরহাটে বিজিবির যৌথ অভিযানে ২ কোটি ৭৯ লাখ টাকার পুরাতন কয়েনসহ আটক ২

​জয়পুরহাট প্রতিনিধি

১৫ অক্টোবর ২০২৬, ১১:২৫ এএম

নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৭৯ লাখ টাকা মূল্যের ১ হাজার ৮৭২টি পুরাতন বিদেশি কয়েন ও দুটি মোবাইলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে জয়পুরহাট ২০ বিজিবি ও পত্নীতলা ১৪ বিজিবির এক যৌথ অভিযানে এসব মুদ্রা উদ্ধার করা হয়।

​আটক ব্যক্তিরা হলেন—নওগাঁর পত্নীতলা উপজেলার মাদাইনগর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. রশিদ মিয়া (৫২) এবং ধামইরহাট বাজার এলাকার মৃত তমিজ উদ্দিনের ছেলে মো. রুবেল মিয়া (৫০)।

​বিজিবি সূত্রে জানা যায়, জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়ক ও উপ-অধিনায়কের নেতৃত্বে একটি টহলদল পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) সার্বিক সহযোগিতায় চোরাচালানবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা ও ধামইরহাট বাজার থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।

​পরে তাদের কাছ থেকে পাকিস্তানের পাঁচ পয়সার ৮৩৩টি তামার কয়েন এবং ভারতের 'ওয়ান কোয়ার্টার আনা'র ৭৩৫টি মুদ্রা উদ্ধার করা হয়। ভারতীয় কয়েনগুলোর মধ্যে রাজার ছবি সংবলিত ৫৮৭টি এবং রানির ছবি সংবলিত ১৪৮টি কয়েন রয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ের বিরল ও প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন সর্বমোট ১ হাজার ৮৭২টি কয়েন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির হিসেবে উদ্ধারকৃত এসব কয়েনের আনুমানিক জব্দমূল্য ২ কোটি ৭৯ লাখ ২৬ হাজার ১৪৩ টাকা।

​এ বিষয়ে বিজিবি জানায়, আটক ব্যক্তি, উদ্ধার করা কয়েন ও জব্দ করা মোবাইল ফোন নওগাঁর পত্নীতলা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.