প্রান্তিক জনগোষ্ঠিকে আইনগত সহায়তা প্রদানে সরকারী ও বেসরকারী সংস্থার মধ্যে কার্যকর রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় রংপুরে নেটওয়ার্কিং সভা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ইসরাত জাহান।
ব্লাস্ট রংপুরের সমন্বয়কারী অ্যাড. দিলরুবা রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল আলম, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শাকিল, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সেলোয়ারা বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুসরাত ফাতেমা, পরিবার-পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম, ভিকটিম সাপোর্ট সেন্টারের এএসআই নবয়িন আক্তার চম্পা, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়কারী ডাঃ সোহেলী বিনতে মোস্তফা, রংপুর আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আফতাব উদ্দিন, ব্লাষ্টের আইনজীবি অ্যাড. মোনালিসা আক্তারসহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত নারী, শিশু, দলিত, সমতল ভূমির আদিবাসী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জলবায়ু-প্রভাবিত এলাকার মানুষ প্রতিনিয়তই ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক সেবায় প্রবেশগম্যতার ক্ষেত্রে নানাবিধ প্রতিবন্ধকতার সম্মুখীন হন। এ প্রেক্ষাপটে একটি কার্যকর রেফারেল পদ্ধতি গড়ে তোলা অপরিহার্য। তাই নানা ধরণের সহিংসতা প্রতিরোধসহ প্রান্তিক জনগোষ্ঠিকে আইনগত সহায়তা প্রদানে জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি সংস্থা-বেসরকারী সংস্থা একসাথে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, সরকার ফৌজদারী অপরাধ ব্যতিত অন্য মামলা আপোষ মিমাংসার উপর জোর দিয়েছে। জেলা লিগ্যাল এইড কার্যালয় আপোষ মিমাংসার মাধ্যমে বিরোধ নিস্পত্তি ও ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে। এতে করে বিচারপ্রার্থীদের অর্থ খরচ ও হয়রানি হতে হচ্ছে না। সেই সাথে বিরোধ নিস্পত্তি হওয়ায় ভবিষ্যতে নতুন করে কোন বিরোধ সৃষ্টির সুযোগ থাকছে না। তাই প্রান্তিক জনগোষ্ঠিকে লিগ্যাল এইডের মাধ্যমে বিনা খরচে আইনগত সহায়তা প্রদানসহ আপোস মিমাংসার ক্ষেত্রে উদ্বুদ্ধ করলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে এবং অসহায় বিচার প্রার্থীরা ন্যায্য বিচার পাবে।
ব্লাস্টের আয়োজনে এ সভায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, আইন প্রয়োগকারী সংস্থা, হাসপাতাল, জেলা আইনগত সহায়তা কমিটি, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার, ভিকটিম সাপোর্ট সেন্টার এবং স্থানীয় অন্যান্য বেসরকারি আইনগত সহায়তা প্রদানকারী সংস্থারা অংশ নেন।