প্রবাসী বাংলাদেশিদের শুধু রেমিট্যান্স পাঠানোর মাধ্যম হিসেবে না দেখে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অংশীদার হিসেবে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক প্রবাসী পেশাজীবীদের সংগঠন এনআরবি ওয়ার্ল্ড। সংগঠনটি বলেছে, প্রবাসীদের মেধা, দক্ষতা, অভিজ্ঞতা ও বিনিয়োগ দেশের উন্নয়নে কাজে লাগানোর পাশাপাশি তাদের মৌলিক অধিকার, সামাজিক মর্যাদা ও দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রবিবার (১১ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাফে দ্য লুনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় এ আহ্বান। সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘থিংক বাংলাদেশ’।
ব্রেইন ড্রেইন থেকে ব্রেইন গেইন : মেধার সঠিক ব্যবহার
সংবাদ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও গবেষকদের জ্ঞান ও পেশাগত দক্ষতা দেশের উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদেশে থাকা মেধাবী বাংলাদেশিদের অর্জিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে যথাযথভাবে কাজে লাগানো যায়নি। এই পরিস্থিতি বদলে ‘ব্রেইন ড্রেইন’ বা মেধাপাচারের পরিবর্তে ‘ব্রেইন গেইন’ বা প্রবাসীদের মেধার কার্যকর ব্যবহার নিশ্চিত করার সময় এসেছে।
এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম বলেন, ‘সরকার আসে, সরকার যায়, কিন্তু প্রবাসীদের দীর্ঘমেয়াদি কল্যাণ ও অধিকার সুরক্ষায় একটি স্থায়ী ও ধারাবাহিক ব্যবস্থা থাকা জরুরি।’ উদ্যোক্তা, নীতিনির্ধারক ও প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে অর্থবহ সংযোগ তৈরির ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রবাসীদের অধিকার ও দক্ষ জনশক্তি গড়ে তোলার তাগিদ
সংবাদ সম্মেলনে আয়বার মহাসচিব ও এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ প্রবাসীদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইউরোপ ও মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশে দক্ষ কর্মী তৈরির প্রশিক্ষণব্যবস্থা গড়ে তুলতে হবে। দালালচক্রের প্রতারণা থেকে সাধারণ কর্মীদের রক্ষা এবং স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করাও জরুরি।
কাজী এনায়েত উল্লাহ বলেন, প্রবাসীদের পেছনে করা বিনিয়োগ কোনো ব্যয় নয়, বরং এটি দেশের ভবিষ্যতের জন্য একটি লাভজনক বিনিয়োগ। দীর্ঘ কর্মজীবন শেষে দেশে ফেরার পর একজন প্রবাসী যাতে সম্মানজনক ও নিরাপদ জীবনযাপন করতে পারেন, সেই পরিবেশ তৈরি করাও রাষ্ট্রের দায়িত্ব।
বিনিয়োগে আমলাতান্ত্রিক জটিলতা দূর করার দাবি
প্রবাসীদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে প্রশাসনিক ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করার দাবিও ওঠে সংবাদ সম্মেলনে। সামিটের আহ্বায়ক মমিনুল হক বলেন, ‘প্রবাসীদের শুধু অর্থ পাঠাতে উৎসাহিত করলেই হবে না, বরং তাদের বিনিয়োগের নিরাপত্তা, স্বচ্ছতা এবং প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে হবে।’ প্রবাসীদের আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ ও অভিজ্ঞতাকে দেশের কর্মসংস্থান এবং উৎপাদনশীলতা বাড়াতে কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকার সামিটে অংশ নিতে পারে বিশ্বজুড়ে থাকা এক হাজারের বেশি প্রবাসী
আয়োজকদের আশা, ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’-এ যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের ৫০টির বেশি দেশ থেকে এক হাজারের বেশি অনাবাসী বাংলাদেশি অংশ নেবেন। দুই দিনব্যাপী সম্মেলনে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, আধুনিক প্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে গোলটেবিল বৈঠক ও আলোচনা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসীদের মেধা, শ্রম ও অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন এবং তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
