চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ১৫ বছরের জন্য ইজারা দেওয়ার প্রতিবাদে গণঅনশন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বন্দরকর্মী, শ্রমিকনেতা ও সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মীরা। চুক্তি বাতিলের দাবিতে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা থেকে নগরের কাস্টমস ভবনের বিপরীতে এ কর্মসূচি শুরু হয়।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এবং জাতীয়তাবাদী বন্দর রক্ষা কমিটি ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বন্দর রক্ষা কমিটির নেতৃবৃন্দ, শ্রমিকনেতা ও সাধারণ কর্মচারীরা অংশ নেন।
আন্দোলনকারীদের দাবি, গত ৮ অক্টোবর বন্দর ব্যবহারকারী ও শ্রমিকদের সঙ্গে আলোচনা না করে এবং জনমত উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এ সিদ্ধান্তের পর বন্দর এলাকায় অসন্তোষ ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় চুক্তি বাতিলের দাবিতে কর্মসূচিতে অংশ নেন শ্রমিক-কর্মচারীরা।
গণঅনশনে বক্তারা বলেন, দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের টার্মিনাল দীর্ঘমেয়াদে বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক স্বার্থ, নিরাপত্তা ও সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে। বন্দর আধুনিকায়ন ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলেও এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।
তারা আরও অভিযোগ করেন, ইজারা চুক্তির ফলে বন্দরে কর্মরত দুই শতাধিক কর্মচারীর চাকরি ও ভবিষ্যৎ কর্মপরিবেশ কী হবে, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা নেই। দীর্ঘদিন ধরে শ্রমিকদের শ্রম ও অভিজ্ঞতায় গড়ে ওঠা বন্দরের কার্যক্রমে তাদের কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
আন্দোলনকারীদের ভাষ্য, চট্টগ্রাম বন্দরের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা পরিচালনার ক্ষেত্রে দেশের স্বার্থ, শ্রমিকদের অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা বর্তমান ব্যবস্থায় অথবা দক্ষ দেশীয় ব্যবস্থাপনার মাধ্যমে বন্দর পরিচালনার পক্ষে মত দেন।
কর্মসূচি থেকে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানানো হয়। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।