× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৫০ কেজি মুগের ডালে তৈরি দৃষ্টিনন্দন দুর্গাপ্রতিমা, আশাশুনির দক্ষিণ বড়দল কালী মন্দিরে ব্যতিক্রমী আয়োজন

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা

১১ অক্টোবর ২০২৬, ১৪:৫৯ পিএম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের দক্ষিণ বড়দল সর্বজনীন কালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নেওয়া হয়েছে ব্যতিক্রমী আয়োজন। মণ্ডপের প্রধান আকর্ষণ ৫০ কেজি মুগের ডাল দিয়ে তৈরি দৃষ্টিনন্দন ও শৈল্পিক দুর্গাপ্রতিমা। ব্যতিক্রমী এই প্রতিমা দেখতে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল।

দীর্ঘ ৩০ বছর ধরে ঐতিহ্য বজায় রেখে দক্ষিণ বড়দল সর্বজনীন কালী মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। প্রতিবছরের মতো এবারও ভক্ত ও দর্শনার্থীদের নতুন কিছু উপহার দিতে মুগের ডাল দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা। সুনিপুণ কারুকাজে প্রতিমাটি তৈরি করেছেন প্রখ্যাত ভাস্কর বাবু প্রকাশ মণ্ডল।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু প্রহ্লাদ চন্দ্র মণ্ডল জানান, ভক্ত ও দর্শনার্থীদের জন্য এবার ব্যতিক্রমী ও আকর্ষণীয় প্রতিমা উপহার দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রতিমা নির্মাণসহ পূজার সার্বিক আয়োজনে আনুমানিক ৪ লাখ টাকা ব্যয় হচ্ছে। এ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

তিনি আরও জানান, প্রতিমা দর্শনে আগ্রহী ভক্ত ও দর্শনার্থীরা আশাশুনি থেকে বড়দল বাজারে এসে সেখান থেকে সরাসরি দক্ষিণ বড়দল সর্বজনীন কালী মন্দিরে পৌঁছাতে পারবেন। তিনি সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ও দর্শনার্থীদের পূজামণ্ডপে আসার আমন্ত্রণ জানান।

দীর্ঘ তিন দশকের ঐতিহ্যবাহী এ আয়োজনে মুগের ডাল দিয়ে তৈরি ব্যতিক্রমী দুর্গাপ্রতিমা এবারের দুর্গোৎসবে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন স্থানীয় আয়োজক ও ভক্তরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.