২৪ জুলাই পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে হঠাৎ করে মৌলভীবাজারে বেপরোয়া হয়ে উঠা এহসান জাকারিয়াকে এবার কারাগারে থাকা অবস্থায় গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনলো খোদ নিজ দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার বিতর্কিত এ নেতাকে মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ সহ দলের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করেছে তারুণ্য নির্ভর দলটি।
গতকাল বুধবার এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে এ সংক্রান্ত একটি চিঠি থেকে পাওয়া তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। চিঠিতে বলা হয়েছে, এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়,অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী এহসান জাকারিয়াকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন এনসিপির সদস্য ও দপ্তর সেলের দ্বায়িত্বশীল সাদিয়া ফারজানা দিনা।