ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ সিরাপ ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার আনুমানিক ভোর ৫টা ৪৫ মিনিটে সীমান্ত পিলার-৭২-এমপি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মানিকপুর গ্রামের এক ব্যক্তির ধান ক্ষেতে অভিযান চালায় বিজিবি। হাবিলদার আবদুল জলিল মোল্লার নেতৃত্বে পরিচালিত এই নিয়মিত মাদকবিরোধী অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৭৩ বোতল ভারতীয় সিরাপ (Win Cerex Cough Syrup) এবং ০৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্তে যেকোনো ধরণের চোরাচালান ও মাদক অপতৎপরতা রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।