মৌলভীবাজার শহরে দীর্ঘদিন ধরে দখলে থাকা পথচারীদের চলাচলের ফুটপাতে উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। তবে উচ্ছেদের পর ঘন্টা পেরুতে না পেরুতেই ফের ফুটপাত দখলে নিয়ে ব্যবসা শুরু করেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরের দিকে শহরের শমশেরনগর সড়ক ও পুরাতন হাসপাতাল সড়কের পশ্চিমবাজার এলাকায় ফুটপাত দখল উচ্ছেদ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ইবনে ইদ্রিস-এর নেতৃত্বে চালানো ওই অভিযানে শহরের ফুটপাতে অবৈধ দখল করে ব্যবসা, অবৈধ সিএনজি স্ট্যান্ড ও পৌরসভা আইন লঙ্ঘনের দায়ে চালানো ওই অভিযানে মোট ৭টি মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার শাহাদাত ভুঁইয়া সহ পৌরসভার একটি প্রতিনিধি দল।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল ইবনে ইদ্রিস বলেন, সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের পথ নির্বিঘ্ন রাখা এবং পৌর এলাকার শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে এখন থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান চলবে।
এদিকে দুপুরে চালানো ফুটপাত উচ্ছেদ অভিযানের খবর আগেভাগেই পৌঁছে যায় শহরের পশ্চিম বাজার সড়কের দু'পাশের ফুটপাত দখল করে সবজি ব্যবসা চালিয়ে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে। একারণে ম্যাজিস্ট্রেট আসার আগেই তড়িঘড়ি করে মালামাল সরিয়ে নিতে দেখা গেছে অধিকাংশ ব্যবসায়ীদের। তবে অভিযান শেষে প্রশাসন চলে যাওয়ার ঘন্টা পেরুতে না পেরুতেই ফের ফুটপাত দখলের প্রতিযোগীতায় মত্ত হয়ে উঠেন এসব ব্যবসায়ীরা। যার কারণে উচ্ছেদ অভিযান চালালেও এর কোন প্রভাব নেই ফুটপাত দখলে।
পথচারী ও সাধারণ মানুষের দাবী ফুটপাত দখল উচ্ছেদে পৌর কতৃপক্ষ এবং প্রশাসনের নিয়মিত অভিযান আর তদারকি আরো যেনো জোরদার করা হয় ।