কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১২ কেজি ৫৬০ গ্রাম গাঁজা ও রেজিস্ট্রেশনবিহীন একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) রাত দশটার দিকে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সোনাইকাজী গ্রামের ধরলা সেতুর পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বগুড়া জেলার কালসীমাটি (দক্ষিণপাড়া) এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে মো. বাবুল আহম্মেদ (৩২) এবং মো. তাহেলালের ছেলে মো. মোকছেদুল মন্ডল (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযান চলাকালে চেকপোস্টের সামনে একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেলের পেছনের ডান পাশে ঝোলানো নেভি-ব্লু রঙের একটি ট্রাভেল ব্যাগ থেকে পলিথিন ও স্কচটেপে মোড়ানো তিনটি প্যাকেটে ৬ কেজি ৪১০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া মোটরসাইকেলের পেছনের বাম পাশে ঝোলানো গোলাপি রঙের আরেকটি ট্রাভেল ব্যাগ থেকে একইভাবে মোড়ানো তিনটি প্যাকেটে আরও ৬ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দুই ব্যাগ থেকে সর্বমোট ১২ কেজি ৫৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
এ সময় রেজিস্ট্রেশনবিহীন সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।