× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে টিকটকে অশালীন গালিগালাজ, যুবক গ্রেফতার

মো: আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার

০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৩ এএম

মৌলভীবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে টিকটকে অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগে টিকটকার মামুন নামে প্রবাস ফেরত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গালিগালাজের ভিডিও ভাইরাল হওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ আর উত্তেজনা বিরাজ করছে। 

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১১ টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহাপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ওই যুবকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে গালিগালাজের অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।   

স্থানীয় সূত্রে জানা যায়, গত দু‘দিন যাবৎ টিকটকে ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করছে মামুন নামে ওই যুবক। গালিগালাজের একটি ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ আর নিন্দার ঝড় উঠে। এর প্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাত ১১ টার দিকে মামুনকে তাঁর নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। টিকটকার মামুন গ্রেফতারের খবর পেয়ে গিয়াসনগর বাজার এলাকায় বিএনপি নেতাকর্মী সহ বিপুল সংখ্যক স্থানীয় উত্তেজিত জনতা জড়ো হন।  

গ্রেফতারকৃত যুবক মামুন স্থানীয়দের কাছে টিকটকার মামুন হিসেবে পরিচিত। সে শাহপুর গ্রামের  নিজাম মিয়ার ছেলে বলে জানা গেছে। ওই যুবকের বিরুদ্ধে থানায় মারামারির মামলা রয়েছে বলেও স্থানীয় একটি সূত্র জানিয়েছে। 

জেলা যুবদলের সহসভাপতি জিল্লুর রহমান জানান, মামুন নামের ওই যুবকের সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে গালিগালাজের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এঘটনায় স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ক্ষুব্ধ নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তিনি জানান, ওই যুবক আওয়ামীলীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট বলে জেনেছি।   

ঘটনার প্রত্যক্ষদর্শী বিএনপি নেতা ও ১২ নং গিয়াসনগর ইউনিয়নের ইউপি সদস্য মীর শামীম আহমেদ জানান, গত দুদিন ধরে ওই যুবক প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে টিকটকে অশালীন গালিগালাজ করে আসছিল। আমাদের ধারণা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সে গালিগালাজ করেছে। আমরা মনে করছি এর সাথে বড় কোন দুষ্কৃতিকারী চক্র জড়িত আছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.