মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই পাঁচটি অটোরিকশা ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশা চুরি ও চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার ৫ নম্বর কালাপুর ইউনিয়নের ভৈরববাজার এলাকার দেওয়ান মার্কেটের বাইক্কাবিল গ্যারেজে এ অভিযান চালানো হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের দিকনির্দেশনায় এএসআই (নিরস্ত্র) মো. আবুল তালেব সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাগ এলাকার মো. হেলাল মিয়ার ছেলে রিপন মিয়া (১৯) এবং মৌলভীবাজার সদর উপজেলার কালিয়াগাঁও এলাকার সৈয়দ তালেব আলীর ছেলে সৈয়দ মুহিন আলী (৩৭)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে একটি ডায়নামিক ব্র্যান্ডের, তিনটি ইউয়ান্ডি ব্র্যান্ডের এবং একটি নামবিহীন অটোরিকশা উদ্ধার করা হয়। এ ছাড়া চারটি অটোরিকশার সামনের গ্লাস, ১০টি চাকা, চারটি জাম্পার ও তিনটি ডিফারেন্সার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ছয় লাখ টাকা।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অটোরিকশা চুরি এবং চোরাই অটোরিকশা বেচাকেনার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।