× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জীবননগর সীমান্তে পিস্তল, গুলি ও মাদক উদ্ধার; ভারতে পালালো চোরাকারবারি

আব্দুল্লাহ আল মামুন, ঢাকা।

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৯ পিএম । আপডেটঃ ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল, দুই রাউন্ড গুলি ও ৭৮ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যায় অভিযুক্ত এক চোরাকারবারি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে জীবননগর থানার গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির আওতাধীন গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ৬৭/২-এস থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। তারা গয়েশপুর গ্রামের কুলোপাড়া এলাকার একটি পুকুরের দক্ষিণ পাড়ের আমবাগানে সতর্ক কৌশলগত অবস্থান বজায় রাখে।

এ সময় বিজিবির টহল দল এক চোরাকারবারীকে ব্যাগ হাতে আসতে দেখে ধাওয়া করে। উপস্থিতি টের পেয়ে উক্ত চোরাকারবারি সঙ্গে থাকা একটি লাল প্লাস্টিকের নেটের বস্তা ফেলে দ্রুত সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তাটিতে তল্লাশি চালিয়ে ৭৮ বোতল এস্কাফ সিরাপ জব্দ করেন। একই সাথে কফ সিরাপের বোতলের ভেতর স্কচটেপ ও সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি এবং মাদকদ্রব্য পরবর্তী আইনি ব্যবস্থার জন্য জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও অস্ত্র পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.