× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সোহরাওয়ার্দী হাসপাতালে আনসারদের হাতে পাঁচজন আটক, হস্তান্তরিতদের মধ্যে একজনের মৃত্যু

২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২০ পিএম

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক ঘটনায় চুরি ও উত্ত্যক্তকরণের অভিযোগে পাঁচজনকে আটক করে আনসার সদস্যরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। তবে হস্তান্তরের পর কক্ষে আটকে রাখা অবস্থায় অসুস্থ হয়ে জনি হোসেন (৩০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, শুক্রবার ভোররাতে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক তিনটি ঘটনা ঘটে। রাত আনুমানিক তিনটার দিকে হাসপাতালের ৬৩২ নম্বর ওয়ার্ডের ছাদে এসির পাইপ কাটার সময় শাহাদত (৩৫) নামের একজনকে আটক করা হয়। পরে ভোর ৫টা ৫০ মিনিটে ৪২০ নম্বর ওয়ার্ড থেকে মোবাইল চুরির অভিযোগে মো. জনি হোসেন, জিহান (১২) ও নাদিম (১১) নামের তিনজনকে আটক করা হয়। এ ছাড়া সকাল ছয়টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় আইসিইউর সামনে রোগীর স্বজনকে উত্ত্যক্ত করার অভিযোগে আনিসুর (৩২) নামের আরও একজনকে আটক করে আনসারের হাতে তুলে দেন স্বজনেরা।

সকাল ৯টা ৪৫ মিনিটে দায়িত্বরত আনসার সদস্য এপিসি মো. শফিকুল ইসলাম, এপিসি মো. আব্দুর রাজ্জাক, আনসার মো. হাবিব খান ও আনসার মো. হাসান আলী আটক পাঁচজনকে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. রেজাউলের কাছে হস্তান্তর করেন। হস্তান্তরের পর হাসপাতাল কর্তৃপক্ষ এসির পাইপ কাটার অভিযোগে আটক শাহাদত ও উত্ত্যক্ত করার অভিযোগে আটক আনিসুরকে ছেড়ে দেয়। তবে অভিযোগকারীর চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার না হওয়ায় মোবাইল চুরির অভিযোগে আটক জনিসহ তিনজনকে হাসপাতালের ওয়ার্ড মাস্টার ও সুপারভাইজার সুমন একটি কক্ষে আটকে রাখেন।

পরবর্তীতে বিকেল আনুমানিক তিনটার দিকে কক্ষে আটকে রাখা অবস্থায় মো. জনি হোসেন হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বেগতিক দেখে তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে। ময়নাতদন্ত ও সার্বিক তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ প্রতিরোধ এবং দায়িত্ব পালনকালে আইনানুগ ও পেশাদার আচরণ বজায় রাখতে বাহিনী সর্বদা সচেষ্ট। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিতে আনসার সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ঘটনাটি সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.